বিজ্ঞাপন

আলিমে ভর্তির তথ্য নিয়ে প্রতারণা, সতর্ক করল মাদ্রাসা বোর্ড

আলিমে ভর্তির তথ্য নিয়ে প্রতারণা, সতর্ক করল মাদ্রাসা বোর্ড

আজ থেকে শুরু হয়েছে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আলিম ও একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তি কার্যক্রম। তবে এরই মধ্যে শিক্ষার্থী ও অভিভাবকদের সতর্ক করে বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। বোর্ড জানিয়েছে, কিছু প্রতারক চক্র শিক্ষার্থীদের দাখিল পাসের তথ্য সংগ্রহ করে তাদের অনুমতি ছাড়া অনলাইনে ভর্তির আবেদন করছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার অধ্যাপক এস এম তৌহিদুজ্জামানের সই করা সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আলিম একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তি কার্যক্রম ২ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে। এ সময় কিছু প্রতারক চক্র সংশ্লিষ্ট শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে সুকৌশলে শিক্ষার্থীর দাখিল পাসের তথ্য সংগ্রহ করে তাদের অনুমতি ছাড়া অনলাইনে ভর্তির আবেদন করে থাকে।

এ ধরনের প্রতারক চক্র থেকে শিক্ষার্থী ও অভিভাবকসহ সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। একই সঙ্গে শিক্ষার্থী ও অভিভাবকদের নিজেদের সচল মোবাইল নম্বর ব্যবহার করে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ প্রমাণিত হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

এছাড়া কোনো শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ প্রমাণিত হলে তাদের প্যানেল বা সার্ভার বন্ধ করে দেওয়ার পাশাপাশি পাঠদানও স্থগিত করা হবে বলেও সতর্ক করা হয়েছে। 

আরএইচটি/বিআরইউ