বিজ্ঞাপন

৫৩ হাজার ৭৬০ শিক্ষককে প্রশিক্ষণ দিতে মাস্টার ট্রেইনার নিচ্ছে মাউশি

৫৩ হাজার ৭৬০ শিক্ষককে প্রশিক্ষণ দিতে মাস্টার ট্রেইনার নিচ্ছে মাউশি

মাধ্যমিক পর্যায়ের বাংলা, ইংরেজি, গণিত ও বিজ্ঞান বিষয়ের ৫৩ হাজার ৭৬০ শিক্ষককে পেশাগত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ (পিডিটি) দেবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। এ প্রশিক্ষণ পরিচালনার জন্য বিষয়ভিত্তিক মাস্টার ট্রেইনার পুল গঠন করা হচ্ছে। মাস্টার ট্রেইনার হতে আগ্রহী ও যোগ্য শিক্ষকদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাউশির লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন (লেইস) প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ দেওয়া হবে। বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের যৌথ অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।

লেইস প্রকল্পের আওতায় ৫৩ হাজার ৭৬০ শিক্ষককে বাংলা, ইংরেজি, গণিত ও বিজ্ঞান বিষয়ে ৪২ দিনব্যাপী পেশাগত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার জন্য চার বিষয়ের মাস্টার ট্রেইনারদের একটি পুল তৈরি করা হবে।

মাস্টার ট্রেইনার নির্বাচনের জন্য মাউশির মহাপরিচালক একটি প্রশিক্ষক নির্বাচন নীতিমালা অনুমোদন করেছেন। ওই নীতিমালা অনুযায়ী, পেশাগত মানদণ্ডের ভিত্তিতে অনলাইনে আবেদনকারীদের মধ্য থেকে মাস্টার ট্রেইনার বাছাই করা হবে।

মাস্টার ট্রেইনার হতে আবেদনকারীদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান বা কর্তৃপক্ষের অগ্রায়ণপত্র দিতে হবে। এতে মাস্টার ট্রেইনার প্রশিক্ষণ গ্রহণের অনুমতি এবং প্রশিক্ষণ শেষে সংশ্লিষ্ট প্রশিক্ষণকেন্দ্রে শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়ার জন্য ক্লাস নেওয়ার ক্ষেত্রে অনাপত্তির বিষয়টি উল্লেখ থাকতে হবে।

আবেদনের সঙ্গে প্রযোজ্য ক্ষেত্রে প্রশিক্ষক হিসেবে কাজের অভিজ্ঞতার প্রমাণ, প্রশিক্ষণ গ্রহণের সনদপত্র, অফিস আদেশসহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।

আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করা যাবে লেইস প্রকল্পের নির্ধারিত ওয়েবসাইটে। আবেদনসংক্রান্ত কারিগরি সহায়তার জন্য ০১৩৪৬১৫০৭৯০ নম্বরে যোগাযোগ করা যাবে। এ ছাড়া [email protected] ঠিকানায় ই-মেইল করা যাবে।

আরএইচটি/এনএফ

বিজ্ঞাপন