এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পাওয়া সব শিক্ষার্থীকে ল্যাপটপ দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি।
পোস্টে শিক্ষামন্ত্রী লেখেন, এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ প্রাপ্তদের ল্যাপটপ প্রদান করা হবে।
এর আগে মঙ্গলবার দুপুরে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া সব শিক্ষার্থীকে ট্যাব দেওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে।
তবে রাতে দেওয়া পোস্টে আগের বক্তব্য থেকে সরে এসে শুধু গোল্ডেন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ল্যাপটপ দেওয়ার কথা জানান তিনি।
গোল্ডেন জিপিএ-৫ বলতে সাধারণভাবে সব বিষয়ে ৮০ বা তার বেশি নম্বর পাওয়াকে বোঝানো হয়।
গত ১০ আগস্ট এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফল অনুযায়ী, দেশের সব শিক্ষা বোর্ড মিলিয়ে এবার জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী। তবে এর মধ্যে ঠিক কতজন গোল্ডেন জিপিএ-৫ পেয়েছেন, সেই সংখ্যা আলাদাভাবে প্রকাশ করেনি শিক্ষা বোর্ডগুলো।
আরএইচটি/জেআই
