দেশের শতবর্ষী স্কুল ও কলেজগুলোর বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে সরকার। এর অংশ হিসেবে সারা দেশের শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা তৈরি করে জরুরি ভিত্তিতে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে (মাউশি) নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে এ-সংক্রান্ত অফিস আদেশ জারি করেছে মাউশি।
মাউশির সহকারী পরিচালক-২ কামরুন্নাহার রীমা স্বাক্ষরিত চিঠিতে দেশের সব আঞ্চলিক পরিচালক ও উপপরিচালকদের (বিদ্যালয় ও পরিদর্শন শাখা) অধীন শতবর্ষী স্কুল ও কলেজের তালিকা পাঠাতে বলা হয়েছে।
চিঠিতে নির্ধারিত ছকে ‘নিকোশব্যান’ ফন্টে আগামী দুই কর্মদিবসের মধ্যে নির্দিষ্ট ই-মেইলে তথ্য পাঠাতে বলা হয়েছে। ছকে প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা, ইআইআইএন নম্বর, প্রতিষ্ঠার তারিখ এবং প্রতিষ্ঠানপ্রধানের নাম ও মোবাইল নম্বর উল্লেখ করতে হবে।
এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি কলেজ-৬ শাখার সিনিয়র সহকারী সচিব মনজুরুল আলমের সই করা এক চিঠিতে শতবর্ষী স্কুল ও কলেজ নিয়ে সরকারের নতুন নির্দেশনার কথা জানানো হয়। ওই চিঠিতে তালিকা প্রস্তুত করে মাউশির মহাপরিচালকের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাতে বলা হয়।
আরএইচটি/বিআরইউ
