বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের ইবতেদায়ি ৫ম শ্রেণি ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার সময়সূচি ও নির্দেশনা প্রকাশ করা হয়েছে। আগামী ৮ ডিসেম্বর থেকে শুরু হয়ে এ দুই শ্রেণির বৃত্তি পরীক্ষা চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত।
বুধবার (২ সেপ্টেম্বর) মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. ফারুক আহম্মেদ স্বাক্ষরিত পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রকাশিত সময়সূচি অনুযায়ী, ইবতেদায়ি ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষা প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। অন্যদিকে দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রণীত মাদ্রাসার পাঠ্যপুস্তক এবং বোর্ড অনুমোদিত প্রশ্নকাঠামো অনুসারে পরীক্ষা নেওয়া হবে। তবে বিশেষ প্রয়োজনে পরীক্ষার সময়সূচি পরিবর্তনের অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করেছে।
সময়সূচি অনুযায়ী, ৮ ডিসেম্বর মঙ্গলবার প্রথম দিনের পরীক্ষায় ইবতেদায়ি ৫ম শ্রেণির ‘কুরআন মাজিদ ও তাজভিদ’ এবং দাখিল ৮ম শ্রেণির ‘কুরআন মাজিদ ও তাজভীদ এবং আকাইদ ও ফিকহ’ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইবতেদায়ি ৫ম শ্রেণির বিষয়ের কোড ৩০১ এবং দাখিল ৮ম শ্রেণির বিষয়ের কোড ১০১।
১০ ডিসেম্বর বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে দ্বিতীয় দিনের পরীক্ষা। এদিন ইবতেদায়ি ৫ম শ্রেণির ‘আরবি (১ম ও ২য় পত্র)’ এবং দাখিল ৮ম শ্রেণির ‘আরবি ১ম পত্র ও আরবি ২য় পত্র’ বিষয়ের পরীক্ষা নেওয়া হবে। এ দুটি বিষয়ের কোড যথাক্রমে ৩০৩ ও ১০৩।
১৩ ডিসেম্বর রোববার ইবতেদায়ি ৫ম ও দাখিল ৮ম শ্রেণির ‘বাংলা ও ইংরেজি’ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইবতেদায়ি ৫ম শ্রেণির বিষয় কোড ৩০৬ ও ৩০৭ এবং দাখিল ৮ম শ্রেণির বিষয় কোড ১০৬ ও ১০৭। শেষ দিন ১৫ ডিসেম্বর মঙ্গলবার অনুষ্ঠিত হবে ‘গণিত ও বিজ্ঞান’ বিষয়ের পরীক্ষা। এ ক্ষেত্রে ইবতেদায়ি ৫ম শ্রেণির বিষয় কোড ৩০৮ ও ৩১৭ এবং দাখিল ৮ম শ্রেণির বিষয় কোড ১০৮ ও ১১৭।
বোর্ডের নির্দেশনা অনুযায়ী, ইবতেদায়ি ৫ম শ্রেণির ‘কুরআন মাজিদ ও তাজভিদ’ এবং ‘আরবি (১ম ও ২য় পত্র)’ বিষয়ের পূর্ণমান ১০০ এবং পরীক্ষার সময় আড়াই ঘণ্টা। বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ২০ মিনিট সময় দেওয়া হবে। ‘বাংলা ও ইংরেজি’ বিষয়ের পূর্ণমান ১০০, যেখানে বাংলা ও ইংরেজিতে ৫০ করে নম্বর থাকবে এবং মোট সময় আড়াই ঘণ্টা। একইভাবে ‘গণিত ও বিজ্ঞান’ বিষয়ের পূর্ণমান ১০০। এর মধ্যে গণিতে ৭০ এবং বিজ্ঞানে ৩০ নম্বর থাকবে। এ পরীক্ষার সময়ও আড়াই ঘণ্টা।
দাখিল ৮ম শ্রেণির ক্ষেত্রে ‘কুরআন মাজিদ ও তাজভীদ এবং আকাইদ ও ফিকহ’ এবং ‘আরবি ১ম পত্র ও আরবি ২য় পত্র’ বিষয়ের পূর্ণমান ১০০ করে এবং পরীক্ষার সময় তিন ঘণ্টা। বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ৩০ মিনিট সময় বরাদ্দ থাকবে। ‘বাংলা ও ইংরেজি’ বিষয়ের পূর্ণমান ১০০ এবং সময় তিন ঘণ্টা। এ ছাড়া ‘গণিত ও বিজ্ঞান’ বিষয়ের পূর্ণমানও ১০০ এবং পরীক্ষার সময় তিন ঘণ্টা।
বোর্ড জানিয়েছে, ‘বাংলা ও ইংরেজি’ এবং ‘গণিত ও বিজ্ঞান’ বিষয়ের পরীক্ষা একই দিনে অনুষ্ঠিত হলেও প্রতিটি বিষয়ের জন্য পৃথক বিষয় কোড থাকবে এবং উত্তরপত্রও আলাদা হবে। নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষার্থীদের সংশ্লিষ্ট বিষয়ের উত্তরপত্রে পরীক্ষা সম্পন্ন করতে হবে।
বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মানতে হবে যেসব নিয়ম
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হয়ে আসন গ্রহণ করতে হবে। নিজ নিজ প্রতিষ্ঠানপ্রধানের কাছ থেকে পরীক্ষা শুরুর কমপক্ষে সাত দিন আগে সিল ও স্বাক্ষরযুক্ত প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। পরীক্ষার হলে প্রবেশের পর ওএমআর ফরমে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোডসহ প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে লিখে নির্ধারিত ঘর পূরণ করতে হবে। কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না।
পরীক্ষায় বোর্ড অনুমোদিত সাধারণ বৈজ্ঞানিক ক্যালকুলেটর বা নন-প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। তবে কোনো ধরনের প্রোগ্রামিং ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। কেন্দ্রসচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি বা পরীক্ষার্থী কেন্দ্রে মোবাইল ফোন, স্মার্ট ঘড়ি, হেডফোন কিংবা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে আনতে পারবেন না।
বোর্ডের নির্দেশনায় আরও বলা হয়েছে, বৃত্তি পরীক্ষা সুষ্ঠু, নিরপেক্ষ ও শৃঙ্খলাপূর্ণভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট কেন্দ্র, প্রতিষ্ঠানপ্রধান, কেন্দ্রসচিব ও পরীক্ষার্থীদের নির্ধারিত নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে হবে।
আরএইচটি/এমএসএ
