বিজ্ঞাপন

আবাসিক হলে অবৈধ সিট বাতিলের দাবিতে চবিতে ছাত্রদলের বিক্ষোভ

আবাসিক হলে অবৈধ সিট বাতিলের দাবিতে চবিতে ছাত্রদলের বিক্ষোভ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সকল আবাসিক হলে অবৈধ সিট বাতিলের দাবী এবং ক্যাম্পাসকে অস্থিতিশীল করার পাঁয়তারার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। এসময় দলটির নেতাদেররা ছাত্রশিবিরের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরেন।

বৃহস্পতিবার  (৩ আগস্ট) দিবাগত রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি জিরো পয়েন্ট প্রদক্ষিণ করে কাটা পাহাড় হয়ে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়।

এসময় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, বিগত প্রশাসনের আমলে জামায়াত-শিবির দেখে দেখে নিয়োগ দেওয়া হয়েছে। এদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত কমিটির মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে৷ শিবির বিভিন্ন জামায়াতপন্থী হল প্রভোস্টের মাধ্যমে হলে সিট দখল করেছে৷ এগুলো বিরুদ্ধে ছাত্রদল সবসময় প্রতিবাদ অব্যাহত রাখবে।

বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয় বলেন,  ছাত্রশিবির ৫ আগস্টের পর জমিদারি করতে চেয়েছিল। ওরা সুকৌশলে এই ক্যাম্পাসের প্রতিটি হল দখল করেছে। ছাত্রলীগের সন্ত্রাসীদের রাতারাতি শিবিরের সাথী-কর্মী বানিয়ে প্রত্যেকটা হল ভরপুর করেছে। মদদ দিয়েছে রগকাটা সংগঠনের মাদার পার্টি জামায়াতের প্রভোস্টরা।

বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্যে রাখেন শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিনসহ দলেন সিনিয়র নেতারা।

বিক্ষোভ মিছিলে বট বাহিনীর গদিতে, আগুন জ্বালাও একসাথে; জামায়াত-শিবিরের আস্তানা, এ ক্যাম্পাসে হবে না; লড়াই লড়াই লড়াই চাই; নামের শেষে ইসলামি, করে শুধু ভণ্ডামি; জাশির আস্তানা জ্বালিয়ে দাও, গুঁড়িয়ে দাও- ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

এমআর/এসএমডব্লিউ

বিজ্ঞাপন