জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষে বাধ্যতামূলক করা অ্যাপ্লাইড আইসিটি কোর্সে পাঠদানের জন্য চার ধরনের শিক্ষককে মনোনয়নের সুযোগ দেওয়া হয়েছে। আইসিটি বিষয়ে স্থায়ী শিক্ষক না থাকলে বিজ্ঞান বিষয়ে সম্মান বা পাস কোর্সের স্থায়ী শিক্ষক এবং নির্দিষ্ট শর্তে অন্য বিষয়ের স্থায়ী শিক্ষকদেরও মনোনয়ন দেওয়া যাবে। এ জন্য অধিভুক্ত কলেজগুলোকে আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে সক্ষম শিক্ষকদের নাম পাঠাতে বলেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রশিক্ষণ দপ্তর থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) কোর্সে আইসিটি বিষয়টি বাধ্যতামূলক করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে অধিভুক্ত স্নাতক (সম্মান) কলেজগুলোর দ্বিতীয় বর্ষে অ্যাপ্লাইড আইসিটি কোর্সে পাঠদানে সক্ষম শিক্ষকদের তথ্য চাওয়া হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, অ্যাপ্লাইড আইসিটি পড়ানোর জন্য প্রথমে আইসিটি বিষয়ে স্থায়ীভাবে নিয়োগপ্রাপ্ত শিক্ষককে মনোনয়ন দিতে হবে। কোনো কলেজে এ ধরনের শিক্ষক না থাকলে বিজ্ঞান বিষয়ে স্নাতক (সম্মান) কোর্সের স্থায়ী শিক্ষক অথবা বিজ্ঞান বিষয়ে স্নাতক (পাস) কোর্সের স্থায়ী শিক্ষককে মনোনয়ন দেওয়া যাবে। তবে এই দুই শ্রেণির শিক্ষক মনোনয়নের ক্ষেত্রে অবশ্যই আইসিটি প্রশিক্ষণ সনদধারী শিক্ষকের নাম প্রস্তাব করতে হবে।
বিজ্ঞান বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতক (পাস) কোর্সের কোনো শিক্ষক না থাকলে অন্য যেকোনো বিষয়ে সম্মান বা পাস কোর্সে স্থায়ীভাবে নিয়োগপ্রাপ্ত শিক্ষককে মনোনয়ন দেওয়া যাবে। তবে এ ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষককে সিইডিপি-টিওটি (অ্যাডভান্স-আইসিটি) প্রশিক্ষণ গ্রহণ করা থাকতে হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়েছে, অধ্যক্ষ বা উপাধ্যক্ষের অনুমোদন ছাড়া কোনো শিক্ষক নিজ উদ্যোগে তথ্য পাঠাতে পারবেন না। মনোনীত শিক্ষককে অবশ্যই টিটিআইএস (টিচার্স ট্রেনিং ইনফরমেশন সিস্টেম) আইডিধারী হতে হবে। যেসব শিক্ষকের এখনো টিটিআইএস আইডি নেই, তাদের প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে আইডি তৈরি করে নিতে হবে।
ইতোমধ্যে টিটিআইএসে আইডি তৈরি করা শিক্ষকদের তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের প্রশিক্ষণ মেন্যুর টিটিআইএস ডেটাবেজে কলেজের ব্যবহারকারীর নাম ও পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করে পাঠাতে হবে। এরপর আবেদন প্যানেল মেন্যুর আবেদন পেজ (আইসিটি) উপমেন্যু ব্যবহার করে অ্যাপ্লাইড আইসিটি কোর্সে পাঠদানে সক্ষম শিক্ষকের তথ্য জমা দিতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, টিটিআইএসে গ্রহণযোগ্য (অ্যাকসেপ্ট) আইডিধারী শিক্ষকেরাই কেবল তথ্য পাঠাতে পারবেন। কোনো শিক্ষকের প্রোফাইলে ‘ডিনাই (অ্যাড অ্যাকাডেমিক ইনফো.)’ দেখালে দ্রুত তার টিটিআইএস প্রোফাইলে অ্যাকাডেমিক তথ্য হালনাগাদ করতে হবে। তথ্য হালনাগাদের পর টিটিআইএস-সংক্রান্ত হেল্পলাইনের হোয়াটসঅ্যাপ নম্বরে টিটিআইএস আইডি উল্লেখ করে বিস্তারিত তথ্য পাঠাতে হবে। এ ক্ষেত্রে মহিবুল হাসানের হোয়াটসঅ্যাপ নম্বর ০১৯১৫৭২৬৫৭৬। এছাড়া টিটিআইএসের ই-মেইল ঠিকানায় বিস্তারিত জানানো যাবে। পরে ফিরতি বার্তা বা ই-মেইলের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয় আরও জানিয়েছে, একজন শিক্ষকের তথ্য একবারই পাঠানো যাবে। তথ্য জমা দেওয়ার পর পুনরায় জমা দেওয়া বা সংশোধনের সুযোগ থাকবে না। তাই তথ্য পাঠানোর আগে তা ভালোভাবে যাচাই করে নেওয়ার জন্য সংশ্লিষ্ট কলেজগুলোকে সতর্ক করা হয়েছে।
এদিকে অধিভুক্ত যেসব স্নাতক, পাস ও প্রফেশনাল কলেজ এখনো টিটিআইএস ডেটাবেজে অন্তর্ভুক্ত হয়নি, সেসব কলেজকে দ্রুত ডেটাবেজে অন্তর্ভুক্ত হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। এজন্য সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষের হোয়াটসঅ্যাপ নম্বর থেকে কলেজের বিস্তারিত তথ্য টিটিআইএস হেল্পলাইনের হোয়াটসঅ্যাপ নম্বর ০১৯১৫৭২৬৫৭৬-এ পাঠাতে হবে।
আরএইচটি/এমএন
