জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার প্রকাশিত ফলাফলের উত্তরপত্র পুনঃমূল্যায়নের জন্য আগামী ৭ সেপ্টেম্বর থেকে অনলাইনে আবেদন করা যাবে। আবেদন ও নির্ধারিত ফি জমা দেওয়ার শেষ সময় ২০ সেপ্টেম্বর।
সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন ফরম পূরণ করে পে-স্লিপ ডাউনলোড করতে হবে। এরপর নিকটস্থ সোনালী ব্যাংকের যেকোনো শাখায় অথবা সোনালী ব্যাংকের অনলাইন পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে ফি জমা দেওয়া যাবে।
এ ছাড়া মোবাইল ব্যাংকিং সেবা নগদ, বিকাশ ও রকেটের মাধ্যমে এবং বিভিন্ন ধরনের কার্ড (আমেরিকান এক্সপ্রেস, ভিসা, ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড (ডিবিবিএল), নেক্সাস ও মাস্টারকার্ড) ব্যবহার করেও ফি পরিশোধ করা যাবে। সোনালী ব্যাংকের নিজস্ব হিসাব থেকেও অনলাইনে টাকা ট্রান্সফার করে আবেদন সম্পন্ন করা যাবে।
বিশ্ববিদ্যালয় জানিয়েছে, ফি জমা দেওয়ার সঙ্গে সঙ্গেই আবেদনপ্রক্রিয়া শেষ হবে। নির্ধারিত সময়ের আগে বা পরে আবেদন ফরম পূরণ, পে-স্লিপ ডাউনলোড কিংবা টাকা জমা দেওয়া যাবে না। ব্যাংকে প্রচলিত অন্য কোনো ফরমে টাকা জমা দেওয়া হলে পরবর্তী সময়ে কোনো ধরনের জটিলতার সৃষ্টি হলে তার দায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নেবে না।
আবেদনকারীদের আবেদনের সময় পত্র কোড যথাযথভাবে পূরণ করার জন্য বিশেষভাবে বলা হয়েছে। উত্তরপত্র পুনঃমূল্যায়নের ফি প্রতিপত্রের জন্য ১ হাজার ২০০ টাকা।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের নির্ধারিত ঠিকানা থেকে অনলাইনে আবেদন ফরম পূরণ করে পে-স্লিপ সংগ্রহ করতে হবে। তবে আবেদন করার পর আবেদনপত্র বা পে-স্লিপের কোনো কপি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠানোর প্রয়োজন নেই।
আরএইচটি/এসএম
