চলমান বিভিন্ন ডিপ্লোমা শিক্ষাক্রমের ব্যবহারিক পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন এনেছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। সে অনুযায়ী, পূর্বনির্ধারিত ৮ থেকে ১২ সেপ্টেম্বরের পরিবর্তে দ্বিতীয় ধাপের ব্যবহারিক পরীক্ষা আগামী ৮ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে।
রোববার (৬ সেপ্টেম্বর) পরীক্ষা নিয়ন্ত্রক (ডিপ্লোমা শাখা) প্রকৌশলী মো. আবুল কালাম আজাদের স্বাক্ষর করা এক অফিস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপতিতে বলা হয়, পুনর্বিন্যাস করা সময়ের মধ্যেই প্রথম ধাপে বাদ পড়া পরীক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষাও বাধ্যতামূলকভাবে সম্পন্ন করতে হবে। সংশ্লিষ্ট কেন্দ্রগুলোর বিদ্যমান ল্যাব সুবিধার ভিত্তিতে প্রয়োজনে ব্যবহারিক পরীক্ষার সময়সূচি পুনর্বিন্যাস করতে পারবে কেন্দ্রগুলো। তবে পুনর্বিন্যাস করা চূড়ান্ত সময়সূচির একটি অনুলিপি আগামী ৭ সেপ্টেম্বরের মধ্যে বোর্ডের নির্ধারিত ই-মেইলে পাঠাতে হবে।
সংশোধিত সূচি অনুযায়ী, টিসি ও পিসি নম্বর অনলাইনে এন্ট্রির সময় ১২ থেকে ২০ আগস্টের পরিবর্তে ১৩ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এ ক্ষেত্রে দ্বিতীয়বার এন্ট্রির সুযোগ রাখা হয়েছে। এছাড়া প্রথম ও দ্বিতীয় ধাপের সব পিএফ নম্বর অনলাইনে এন্ট্রির কাজ ৮ থেকে ২১ সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে।
অন্যদিকে, হাজিরাশিট, টিসি, পিসি, পিএফ, শিরোনামপত্র ও অনুপস্থিতির হার্ডকপি জমা দেওয়ার সময় ১৬ সেপ্টেম্বরের পরিবর্তে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। পরীক্ষা শেষ হওয়ার পর ফরম পূরণ করা সব পরীক্ষার্থীর হাজিরাশিট রোল নম্বরের ক্রমানুসারে সাজাতে হবে।
এ ছাড়া টিসি, পিসি, পিএফ, শিরোনামপত্র ও অনুপস্থিতির হার্ডকপি পর্ব ও টেকনোলজিভিত্তিক বই আকারে বাধাই করে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার স্বাক্ষরসহ বোর্ডের ভবন-০১-এর ৯ম তলার ডিপ্লোমা পরীক্ষা শাখায় জমা দিতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরীক্ষা-সংক্রান্ত গত ২৮ জুলাই প্রকাশিত আদেশ এবং ওই বিজ্ঞপ্তিতে উল্লেখিত অন্যান্য সব শর্ত অপরিবর্তিত থাকবে।
আরএইচটি/আরএফ
