আগামী ২৪ থেকে ৩০ ডিসেম্বর রাজধানীর পার্শ্ববর্তী পূর্বাচল ১ নম্বর সেক্টরের তিনশো ফিট সংলগ্ন নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে রোভার স্কাউটদের সর্ববৃহৎ জাতীয় সমাবেশ ‘দ্বাদশ জাতীয় রোভার মুট’। বাংলাদেশ স্কাউটসের ব্যবস্থাপনা ও পরিচালনায় আয়োজিত সাত দিনব্যাপী এ মেগা আয়োজনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুলসংখ্যক রোভার স্কাউট অংশ নেবেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আর দ্বাদশ জাতীয় রোভার মুট সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ সচিবকে আহ্বায়ক করে ৭৭ সদস্যের একটি শক্তিশালী মুট সাংগঠনিক কমিটি গঠন করা হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের ৬৪ জেলার বিভিন্ন কলেজ থেকে ১২০০টির বেশি রোভার স্কাউট দল এ মুটে অংশগ্রহণ করবে বলে আশা করা হচ্ছে। প্রতিটি দলে দীক্ষাপ্রাপ্ত আটজন রোভার স্কাউট এবং একজন প্রশিক্ষণপ্রাপ্ত রোভার স্কাউট লিডার বা শিক্ষক থাকবেন।
বিজ্ঞপ্তিতে দল গঠনের ক্ষেত্রে ছেলে ও মেয়েদের জন্য পৃথক নির্দেশনাও দেওয়া হয়েছে। ছেলে দলের সঙ্গে প্রশিক্ষণপ্রাপ্ত পুরুষ রোভার লিডার এবং মেয়ে দলের সঙ্গে আবশ্যিকভাবে প্রশিক্ষণপ্রাপ্ত নারী রোভার লিডার থাকতে হবে। কোনো অবস্থাতেই মেয়ে দলের সঙ্গে পুরুষ রোভার লিডার পাঠানো যাবে না বলে বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।
মাউশির নির্দেশনা অনুযায়ী, মুটে অংশগ্রহণের জন্য প্রতিটি দলের রেজিস্ট্রেশন ফি ৩ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে ‘দ্বাদশ জাতীয় রোভার মুট’ শিরোনামে ৩ হাজার টাকার ডিডি বা পে-অর্ডার বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল, জাতীয় স্কাউট ভবন (১৪তলা), ৬০ আঞ্জুমান মুফিদুল ইসলাম সড়ক, কাকরাইল, ঢাকা-১০০০ ঠিকানায় পাঠাতে হবে।
রেজিস্ট্রেশন ফি জমা দেওয়ার পাশাপাশি প্রতিটি দলের রেজিস্ট্রেশন ফরম ও অভিভাবকের সম্মতিপত্রের দুই সেট হার্ডকপি নিজ নিজ জেলার মাধ্যমে রোভার অঞ্চলে পাঠাতে হবে। সংশ্লিষ্ট কলেজগুলোকে একটি ছেলে ও একটি মেয়ের দলসহ প্রয়োজনীয় কাগজপত্র ও রেজিস্ট্রেশন ফি জেলা রোভার স্কাউটস সম্পাদকের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে নির্ধারিত ঠিকানায় পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মুটে অংশগ্রহণকারী রোভার স্কাউটদের তাঁবুতে অবস্থান করতে হবে। এজন্য অংশগ্রহণকারীদের আবহাওয়া উপযোগী বিছানাপত্রসহ প্রয়োজনীয় সরঞ্জাম সঙ্গে নিয়ে মুটস্থলে উপস্থিত হতে হবে। পাশাপাশি নিজেদের ব্যবস্থাপনায় রান্না করে খাবার গ্রহণের প্রয়োজনীয় প্রস্তুতিও নিয়ে আসতে হবে।
আরএইচটি/আরএফ
