বিজ্ঞাপন

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি : মাদরাসায় রোপণ করা গাছের তথ্য তলব

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি : মাদরাসায় রোপণ করা গাছের তথ্য তলব

দেশব্যাপী ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় মাদরাসাগুলোতে রোপণ করা গাছের সংখ্যা-প্রজাতিসহ বিস্তারিত তথ্য চেয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। জরুরি ভিত্তিতে বৃহস্পতিবারের (১০ সেপ্টেম্বর) মধ্যে নির্ধারিত ছক অনুযায়ী এসব তথ্য অধিদপ্তরে পাঠাতে বলা হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) মাদরাসা শিক্ষা অধিদপ্তরের প্রশাসন শাখা থেকে পাঠানো এক চিঠিতে আওতাধীন সব শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, সুপার ও ইবতেদায়ি প্রধানদের এ তথ্য পাঠাতে বলা হয়।

চিঠিতে বলা হয়েছে, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ (টিএমইডি) থেকে পাওয়া নির্দেশনা ও স্মারকের পরিপ্রেক্ষিতে দেশের মাদরাসাগুলোতে রোপণ করা বৃক্ষের তথ্য সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। নির্ধারিত ছক পূরণ করে তথ্য ই-মেইলের মাধ্যমে অধিদপ্তরে পাঠাতে হবে।

যেসব তথ্য দিতে হবে

অধিদপ্তরের নির্ধারিত ছকে মাদরাসার নাম, বৃক্ষরোপণের তারিখ, জেলা, উপজেলা, ইউনিয়ন ও গ্রামের নাম উল্লেখ করতে হবে।

এ ছাড়া, রোপণ করা বৃক্ষের প্রজাতি ও সংখ্যা, রোপণের সুনির্দিষ্ট স্থান, জিওগ্রাফিক কো-অর্ডিনেট বা ভৌগোলিক স্থানাঙ্ক দিতে হবে। পাশাপাশি, গাছের পরিচর্যার দায়িত্বে থাকা ব্যক্তির নাম ও ফোন নম্বর এবং মনিটরিং কর্মকর্তার নাম ও ফোন নম্বরও উল্লেখ করতে হবে।

নির্ধারিত তথ্য [email protected] ই-মেইল ঠিকানায় পাঠাতে বলা হয়েছে।

প্রসঙ্গত, গত জুন মাসে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির অংশ হিসেবে দেশজুড়ে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হয়েছে। পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর বৃহৎ পরিকল্পনার অংশ হিসেবে মাধ্যমিক পর্যায়ের ২৯ হাজার ৬২১টি শিক্ষাপ্রতিষ্ঠানকে জলবায়ু সচেতনতা অনুদান দেওয়া হয়েছে। এসব প্রতিষ্ঠানে ফলদ, বনজ ও ঔষধি— তিন ধরনের গাছ লাগানোর নির্দেশনা রয়েছে। একই সঙ্গে রোপণ করা গাছের তথ্য ও পরিচর্যার বিষয়টি ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে নজরদারির উদ্যোগ নেওয়া হয়েছে। এ কর্মসূচির আওতায় মাদরাসাগুলোতে রোপণ করা গাছের বিস্তারিত তথ্য চেয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর।

আরএইচটি/এসএএস