রাজধানীর তেজগাঁওয়ের হলি ক্রস কলেজের এক শিক্ষককে ঘিরে অনৈতিক সম্পর্কের অভিযোগ উঠেছে। সম্প্রতি এ-সংক্রান্ত বিভিন্ন পোস্ট ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।
তবে অভিযোগের সত্যতা এখনো নিশ্চিত হয়নি। বিষয়টি তদন্তাধীন থাকায় অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক ও শিক্ষার্থীর নাম-পরিচয় প্রকাশ করছে না ঢাকা পোস্ট।
বুধবার (৯ সেপ্টেম্বর) সংশ্লিষ্ট সূত্র ও কলেজসংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, অভিযোগের সঙ্গে যে শিক্ষার্থীর নাম আসছে, তিনি হলি ক্রস কলেজের সাবেক শিক্ষার্থী। তিনি ২০২৫ সালে উচ্চমাধ্যমিক পর্যায়ের পড়াশোনা শেষ করে কলেজ ছেড়েছেন। অন্যদিকে, অভিযোগ ওঠা শিক্ষক বর্তমানে কলেজে দায়িত্ব পালন করছেন না।
নাম প্রকাশ না করার শর্তে কলেজসংশ্লিষ্ট একজন ঢাকা পোস্টকে বলেন, বিষয়টি খতিয়ে দেখতে ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষ হওয়ার পর অভিযোগের সত্যতা সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্তে আসা যাবে। তদন্ত চলমান থাকায় এ বিষয়ে এখনই বিস্তারিত কিছু বলা সম্ভব নয়।
কলেজসংশ্লিষ্ট আরেকজন জানান, অভিযোগ ওঠার পর ওই শিক্ষককে দায়িত্ব থেকে সাময়িকভাবে সরিয়ে দেওয়া হয়েছে। তদন্ত কমিটিতে কলেজের বাইরের ব্যক্তিদেরও রাখা হয়েছে বলে জানা গেছে। তবে তদন্ত কমিটির সদস্যদের পরিচয়, তদন্তের পরিধি কিংবা এখন পর্যন্ত কী ধরনের অগ্রগতি হয়েছে, সে বিষয়ে কলেজের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হয়নি।
অভিযোগটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে একাধিক পোস্ট ও ভিডিও প্রকাশ করা হয়েছে। বিভিন্ন অ্যাকাউন্ট ও পেজে একই ধরনের বক্তব্য ও লেখা ব্যবহার করে পোস্ট ছড়ানোর বিষয়টিও দেখা গেছে। তবে এসব পোস্টে থাকা অভিযোগ ও তথ্যের সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি ঢাকা পোস্ট।
বিষয়টি নিয়ে হলি ক্রস কলেজের অধ্যক্ষ সিস্টার শিখা লায়েতিসিয়া গোমেজের বক্তব্য জানতে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। কলেজের টিঅ্যান্ডটি ও অফিসিয়াল একাধিক নম্বরে ফোন করা হলেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
তবে কলেজসংশ্লিষ্ট এক কর্মী নাম প্রকাশ না করার শর্তে ঢাকা পোস্টকে বলেন, ‘ঘটনাটি সত্য কি মিথ্যা, সেটার জন্য তদন্ত কমিটি বসেছে। তদন্ত শেষ হওয়ার পর আমরা চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারব।’
এদিকে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর হলি ক্রস কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি সতর্কতামূলক বার্তা দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, দেশের আইন অনুযায়ী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। তাই সংশ্লিষ্ট ব্যক্তি বা পুরো পরিস্থিতি সম্পর্কে অসত্য, বিভ্রান্তিকর কিংবা যাচাই না করা তথ্য ছড়িয়ে দেওয়া থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ওই বার্তায় সংশ্লিষ্ট সবার ব্যক্তিগত গোপনীয়তা ও মর্যাদার প্রতি সম্মান দেখানোর অনুরোধ জানানো হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানের সুনাম রক্ষায় সব প্রাক্তন শিক্ষার্থীকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে বলা হয়েছে, হলি ক্রস কলেজ সততা ও ন্যায়বিচারের প্রশ্নে কোনো আপস করে না।
আরএইচটি/বিআরইউ
