বিজ্ঞাপন

‘রাতে এসএসসির খাতা পুনঃনিরীক্ষণ’ নিয়ে যা বলল রাজশাহী বোর্ড

‘রাতে এসএসসির খাতা পুনঃনিরীক্ষণ’ নিয়ে যা বলল রাজশাহী বোর্ড

চলতি বছরের এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর শিক্ষার্থীদের আবেদনের ভিত্তিতে প্রচলিত বিধি ও নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করেই ফল পুনঃনিরীক্ষণ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। 

একইসঙ্গে পুনঃনিরীক্ষণ কার্যক্রম নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে ‘ভিত্তিহীন’ উল্লেখ করে এ ব্যাখ্যা দিয়েছে বোর্ড কর্তৃপক্ষ।

বুধবার (৯ সেপ্টেম্বর) রাজশাহী শিক্ষা বোর্ডের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রচলিত বিধি ও নির্ধারিত প্রক্রিয়া মেনে ফল পুনঃনিরীক্ষণ করা হয়েছে। সম্প্রতি এ কার্যক্রম নিয়ে বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন ধরনের ভিত্তিহীন সংবাদ প্রকাশিত হয়েছে, যা বোর্ড কর্তৃপক্ষের নজরে এসেছে।

বোর্ড জানিয়েছে, রাজশাহী শিক্ষা বোর্ড একটি জনগুরুত্বপূর্ণ ও জরুরি সেবামূলক প্রতিষ্ঠান। নির্ধারিত সময়ের বাধ্যবাধকতা, আবেদনের তুলনামূলক বেশি সংখ্যা এবং শিক্ষাবর্ষের বিষয়টি বিবেচনায় নিয়ে পরীক্ষা-সংক্রান্ত কাজ, উত্তরপত্র পুনঃনিরীক্ষণ ও জরুরি প্রশাসনিক কার্যক্রম প্রয়োজন হলে অফিস সময়ের পরও চালিয়ে যাওয়া হয়। নির্ধারিত সময়সীমার মধ্যে কাজ শেষ করার স্বার্থে জরুরি প্রয়োজনে রাতেও বোর্ডের অভ্যন্তরীণ কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের ফলাফল অত্যন্ত সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ বিষয়। কোনো শিক্ষার্থী যেন ভুল মূল্যায়নের কারণে ক্ষতিগ্রস্ত না হয়, তা নিশ্চিত করা বোর্ডের অন্যতম প্রধান দায়িত্ব।

সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও বস্তুনিষ্ঠ অনুসন্ধানকে বোর্ড সবসময় শ্রদ্ধা করে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা-সংশ্লিষ্ট যেকোনো বিষয়ে বস্তুনিষ্ঠ তথ্য প্রচারে সাংবাদিক এবং প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করে বোর্ড।

রাতে চলমান জরুরি ও নিয়মিত প্রাতিষ্ঠানিক কার্যক্রমকে অন্য কোনো বিশেষ প্রেক্ষাপটে বা ভিন্নভাবে উপস্থাপন না করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানিয়েছে রাজশাহী শিক্ষা বোর্ড। একইসঙ্গে স্বচ্ছতা, জবাবদিহিতা ও শিক্ষার্থীদের স্বার্থ সুরক্ষায় বোর্ড বদ্ধপরিকর বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

একইসঙ্গে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও সর্বসাধারণকে কোনো ধরনের গুজব বা অসম্পূর্ণ তথ্যের ভিত্তিতে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে বোর্ড।

আরএইচটি/এমএসএ 

বিজ্ঞাপন