বিজ্ঞাপন

শিক্ষাপ্রতিষ্ঠানে খেলাধুলা-সহশিক্ষা কার্যক্রম জোরদারের নির্দেশ

শিক্ষাপ্রতিষ্ঠানে খেলাধুলা-সহশিক্ষা কার্যক্রম জোরদারের নির্দেশ

শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানে সারা বছর খেলাধুলা, সহশিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। অ্যাকাডেমিক কার্যক্রমের পাশাপাশি এসব কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে মাউশি।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) মাউশির শারীরিক শিক্ষা বিভাগের উপপরিচালক অধ্যাপক মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়েছে, খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রম অ্যাকাডেমিক শিক্ষার পরিপূরক হিসেবে শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অ্যাকাডেমিক কার্যক্রমের পাশাপাশি এসব কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশ নিশ্চিত হবে।

মাউশির সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ফুটবল, ভলিবল, দাবা, ক্রিকেট, টেবিল টেনিস, কাবাডি, ব্যাডমিন্টন, হ্যান্ডবল, বাস্কেটবল, হকি, গ্রামীণ ও ঐতিহ্যবাহী খেলা, সাঁতার, অ্যাথলেটিকস, তায়কোন্দ ও মার্শাল আর্টের আয়োজন করতে হবে।

সহশিক্ষা কার্যক্রমের মধ্যে থাকবে হামদ ও নাত, বাংলা ও ইংরেজিতে বক্তৃতা, উপস্থিত বক্তৃতা, বাংলা ও ইংরেজিতে বিতর্ক, দেয়ালিকা তৈরি, বই পড়া কর্মসূচি, বাংলা ও ইংরেজি দৈনিক পত্রিকা পাঠ, সৃজনশীল লেখা, পরিবেশ সুরক্ষা কর্মসূচি, ডিজিটাল কনটেন্ট তৈরি, মানসিক স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি, গণিত অলিম্পিয়াড এবং ‘ওয়ান চাইল্ড ওয়ান টি’।

পরিবেশ সুরক্ষা কর্মসূচির আওতায় গাছ লাগানো, ক্যাম্পাস পরিষ্কার রাখা ও ডাস্টবিন স্থাপনের মতো কার্যক্রম পরিচালনা করতে বলা হয়েছে। মানসিক স্বাস্থ্য সচেতনতা কর্মসূচির অংশ হিসেবে যোগ ব্যায়াম ও মেডিটেশনও রাখা হয়েছে।

এ ছাড়া, সাংস্কৃতিক কার্যক্রমের মধ্যে থাকবে আধুনিক, দেশাত্মবোধক, নজরুল, রবীন্দ্র ও লোকগীতি, বাংলা কবিতা আবৃত্তি, একক অভিনয়, কুইজ, নৃত্য, গ্রাফিতি অঙ্কন, উৎসব, লোকসংস্কৃতি ও ঐতিহ্যবিষয়ক অনুষ্ঠান এবং চিত্রাঙ্কন।

নির্দেশনায় বলা হয়েছে, এসব খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রম সারা বছর চলমান থাকবে। শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানেরা অ্যাকাডেমিক কার্যক্রমের সঙ্গে সমন্বয় করে সুবিধাজনক সময়ে এসব কার্যক্রম বাস্তবায়ন করবেন।

এ ছাড়া, খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বয়েজ স্কাউট, রোভার স্কাউট, গার্ল গাইডস, বিজ্ঞান ক্লাব, বিতর্ক ক্লাব এবং স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা ক্লাবসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনায় যথাযথ গুরুত্ব দিতে বলা হয়েছে।

চিঠিতে মাউশির সব অঞ্চল, জেলা শিক্ষা কর্মকর্তা এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের উল্লিখিত কার্যক্রম পরিচালনা ও বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

আরএইচটি/এসএএস

বিজ্ঞাপন