বিজ্ঞাপন

বিজ্ঞানীর খোঁজে জিয়াউর রহমান ফাউন্ডেশন, সেরা ৫ জন পাবেন স্টার্টআপ সহায়তা

বিজ্ঞানীর খোঁজে জিয়াউর রহমান ফাউন্ডেশন, সেরা ৫ জন পাবেন স্টার্টআপ সহায়তা

নতুন উদ্ভাবনের ভাবনা আছে, কিন্তু তা তুলে ধরার উপযুক্ত মঞ্চ নেই— এমন তরুণ মেধাবীদের জন্য বড় সুযোগ নিয়ে এসেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)। গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তির নতুন সম্ভাবনা খুঁজতে সংগঠনটি আয়োজন করছে ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে ২০২৬’ বিজ্ঞান মেলা। এতে দেশের বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন। সেরা পাঁচ বিজয়ীর জন্য থাকছে স্টার্টআপে আকর্ষণীয় আর্থিক সহায়তা।

মেলায় অংশ নিতে ইতোমধ্যে নিবন্ধন শুরু হয়েছে। আগ্রহীদের ৩০ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে হবে। এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন দপ্তরও অধিভুক্ত কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্প্রতি প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগ্রহীদের জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রকাশিত সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি ও নির্ধারিত নিয়মাবলি অনুসরণ করে নিবন্ধন করতে হবে।

আয়োজকদের তথ্য অনুযায়ী, বিজ্ঞান মেলার বিভাগীয় পর্ব অনুষ্ঠিত হবে ৩০ অক্টোবর। অংশগ্রহণকারীদের নিজস্ব মডেল সশরীরে উপস্থাপন করতে হবে। প্রতিযোগিতায় আগে উপস্থাপিত কোনো প্রজেক্ট গ্রহণ করা হবে না। তাই অংশগ্রহণকারীদের ধারণা ও প্রজেক্ট অবশ্যই সম্পূর্ণ মৌলিক ও অনন্য হতে হবে।

সেরা উদ্ভাবনের স্বীকৃতি হিসেবে বিজয়ীদের দেওয়া হবে গোল্ড, সিলভার ও ব্রোঞ্জ মেডেল। এর পাশাপাশি প্রথম পাঁচজন বিজয়ীর জন্য থাকবে স্টার্টআপে আকর্ষণীয় আর্থিক সহায়তা। ফলে শিক্ষার্থীদের নতুন ধারণাকে শুধু প্রতিযোগিতার মঞ্চে উপস্থাপন নয়, ভবিষ্যতে তা উদ্যোগে রূপ দেওয়ারও সুযোগ তৈরি হতে পারে।

আয়োজকদের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, অংশগ্রহণকারীরা তাদের নিজ নিজ প্রজেক্ট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী এবং জেডআরএফের প্রেসিডেন্ট তারেক রহমান এবং জেডআরএফের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমানের সামনে উপস্থাপনের সুযোগ পাবেন।

জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সব কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষদের এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আগ্রহী শিক্ষক ও শিক্ষার্থীরা www.zrf.info/registration ঠিকানায় গিয়ে নিবন্ধন ও বিস্তারিত তথ্য জানতে পারবেন। নিবন্ধনের শেষ সময় ৩০ সেপ্টেম্বর।

আরএইচটি/এমএন