বিজ্ঞাপন

উচ্চশিক্ষার মান বাড়াতে আন্তর্জাতিক সহযোগিতায় জোর দিচ্ছে সরকার : ড. মামুন

উচ্চশিক্ষার মান বাড়াতে আন্তর্জাতিক সহযোগিতায় জোর দিচ্ছে সরকার : ড. মামুন

দেশের উচ্চশিক্ষার মানোন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর ওপর সরকার গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ আল-মামুন।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে অক্সফোর্ড একিউএ আয়োজিত ‘অক্সফোর্ড একিউএ লিডারশিপ কনফারেন্সে’ বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

ড. মামুন বলেন, উচ্চশিক্ষার মান বাড়াতে বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ ও দ্বৈত ডিগ্রি চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে আন্তর্জাতিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে কার্যক্রম পরিচালনার সুযোগ দেওয়ার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।

দেশের বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে বিদেশি বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, যৌথ ও দ্বৈত ডিগ্রি কর্মসূচি মেধাপাচার কমাতে ভূমিকা রাখতে পারে। এর মাধ্যমে বিদেশে থাকা মেধাবীদের দেশে ফিরে কাজ করার সুযোগও তৈরি হবে।

তিনি বলেন, শুধু পরীক্ষায় ভালো ফল করাই যথেষ্ট নয়। শিক্ষার্থীদের সমালোচনামূলক চিন্তা, স্বাধীনভাবে শেখা, গবেষণা ও সমস্যা সমাধানের দক্ষতা গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা গড়ে তুলতে ইংলিশ মিডিয়ামসহ শিক্ষাব্যবস্থার বিভিন্ন পর্যায়ের মধ্যে সমন্বয় থাকা জরুরি। সরকারের উদ্ভাবন ও স্টার্ট-আপ কর্মসূচিতে ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থীদেরও যুক্ত করা হয়েছে।

বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাস ও স্টাডি সেন্টার পরিচালনার সুযোগ দেওয়ার বিষয়ে বিদ্যমান আইন ও বিধিবিধান পর্যালোচনা করা হচ্ছে জানিয়ে ড. মামুন বলেন, এ বিষয়ে ব্রিটিশ কাউন্সিল, মার্কিন দূতাবাসসহ আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ চলছে।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। মূল বক্তা ছিলেন অক্সফোর্ড একিউএর সাবেক প্রধান পরিচালন কর্মকর্তা ও মেরিডিয়ান ট্রাস্টের ট্রাস্টি মার্ক বেডলো। বিশেষ অতিথি ছিলেন ব্রিটিশ কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস, ব্রিটিশ হাইকমিশনের ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ডিরেক্টর সাকিব এরশাদ এবং অক্সফোর্ড একিউএর হেড অব কোয়ালিফিকেশনস জেনিফার ডাগান।

আরএইচটি/আরএফ

বিজ্ঞাপন