এমপিওভুক্ত বেসরকারি স্কুল-কলেজের শিক্ষকদের পুনরায় বদলি আবেদনের সুযোগ দেওয়া হয়েছে। দ্বিতীয় ধাপে তথ্য সংশোধন করা শিক্ষকেরা এ সুযোগ পাচ্ছেন। ১২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া আবেদন কার্যক্রম চলবে রোববার (১৩ সেপ্টেম্বর) পর্যন্ত। এ সময়সীমার পর নতুন করে সময় বাড়ানোর পরিকল্পনা নেই বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
শনিবার (১২ সেপ্টেম্বর) বদলি আবেদনের ড্যাশবোর্ডে দেওয়া এক বিজ্ঞপ্তিতে মাউশি এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দ্বিতীয় ধাপে যেসব শিক্ষকের তথ্য সংশোধন করা হয়েছে, শুধু তারাই এ ধাপে বদলির আবেদন করতে পারবেন। প্রথম ধাপে যারা আবেদন করেছেন, তারা দ্বিতীয় ধাপে নতুন করে আবেদন করতে পারবেন না। আগের আবেদন সংশোধনের সুযোগও থাকছে না।
বদলি আবেদন চলাকালে প্রতিষ্ঠান প্রধানদের মাধ্যমে শিক্ষক তথ্য, শূন্য পদের তালিকা ও অন্যান্য প্রাতিষ্ঠানিক তথ্য উপজেলা বা জোন পর্যায়ে যাচাইয়ের জন্য পাঠানোর কার্যক্রমও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। বদলি কার্যক্রম শেষ হওয়ার পর প্রতিষ্ঠানসংক্রান্ত তথ্য যাচাইয়ের প্রক্রিয়া আবার চালু হবে। তখন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানদের নোটিফিকেশনের মাধ্যমে জানানো হবে।
মাউশি জানিয়েছে, ১৩ সেপ্টেম্বর আবেদন গ্রহণ শেষ হওয়ার পর সময় আর বাড়ানোর পরিকল্পনা নেই। আবেদন শেষ হওয়ার পর দ্রুত বদলি কার্যক্রম শেষ করার প্রস্তুতি নেওয়া হয়েছে। শিক্ষকদের বদলির জন্য ১০ দিন সময় দেওয়া হবে।
বিষয়টি নিয়ে মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বলেন, আবেদন গ্রহণ শেষ হওয়ার দুই থেকে তিন দিনের মধ্যে বদলির আনুষ্ঠানিকতা শেষ করার পরিকল্পনা রয়েছে। যত দ্রুত সম্ভব শিক্ষকদের বদলি করা হবে।
আরএইচটি/জেডএস
