বিজ্ঞাপন

১৮ সেপ্টেম্বরের মধ্যে শিক্ষক-কর্মচারীদের এমপিও বিল জমা দেওয়ার নির্দেশ

১৮ সেপ্টেম্বরের মধ্যে শিক্ষক-কর্মচারীদের এমপিও বিল জমা দেওয়ার নির্দেশ

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সেপ্টেম্বরের এমপিওর টাকা ইএফটির মাধ্যমে পাঠাতে আগামী ১৮ সেপ্টেম্বরের মধ্যে বিল সাবমিট করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের ওই দিন বিকেল ৩টার মধ্যে অনলাইনে বিল জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর।

রোববার (১৩ সেপ্টেম্বর) অধিদপ্তরের এমপিও শাখা থেকে জারি করা এক নোটিশে এ নির্দেশ দেওয়া হয়।

নোটিশে বলা হয়, সেপ্টেম্বর ২০২৬ মাসের এমপিওর টাকা ইএফটির মাধ্যমে পাঠানোর জন্য প্রতিষ্ঠান প্রধানদের অনলাইনে ‘বিল সাবমিট’ অপশন চালু করা হয়েছে। প্রতিষ্ঠান প্রধানকে ‘টেমিস’ সফটওয়্যারে লগইন করে আগের নিয়মে ‘মান্থলি স্যালারি সাবমিশন’ অপশনে গিয়ে সেপ্টেম্বর মাসের বিল সাবমিট করতে হবে।

কোনো এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর চাকরির অবস্থায় পরিবর্তন হয়ে থাকলে সেটিও অনলাইনে হালনাগাদ করতে হবে। কারও মৃত্যু, পদত্যাগ বা অবসর হয়ে থাকলে ‘নন-গভর্নমেন্ট এমপ্লয়ি ইএফটি এমপ্লয়ি স্ট্যাটাস চেঞ্জ (আইবাস++ ভ্যালিডেটেড)’ অপশনে গিয়ে তথ্য এন্ট্রি করতে বলা হয়েছে।

এ ছাড়া সাময়িক বরখাস্ত, অনুমোদনহীন অনুপস্থিতি বা অন্য কোনো কারণে বিধি অনুযায়ী কোনো শিক্ষক-কর্মচারীর আংশিক বা পুরো বেতন কাটা বা বন্ধ করার প্রয়োজন হলে বিল সাবমিটের সময় সেটিও উল্লেখ করতে হবে।

নির্ধারিত সময়ের মধ্যে বিল সাবমিট করার জন্য প্রতিষ্ঠান প্রধানদের পরামর্শ দিয়েছে অধিদপ্তর। একই সঙ্গে নোটিশে বলা হয়, ইএফটির মাধ্যমে শিক্ষক-কর্মচারীদের এমপিওর টাকা পাঠানোর ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানের দেওয়া তথ্যই চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে।

ভুল তথ্যের কারণে কোনো শিক্ষক-কর্মচারীর এমপিওর টাকা পাঠাতে সমস্যা হলে এর দায়ভার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানকে নিতে হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।

আরএইচটি/আরএফ