বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলির অনলাইন আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে। এতে মোট ১৩ হাজার ৬৭৭ জন শিক্ষক বদলির জন্য আবেদন করেছেন।
রোববার (১৩ সেপ্টেম্বর) রাত ১১টায় অনলাইনে আবেদন গ্রহণের সময়সীমা শেষ হয়। সোমবার (১৪ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্রে এ তথ্য জানা গেছে।
মাউশি কর্মকর্তারা জানিয়েছেন, বদলির আবেদন যাচাই-বাছাই শেষে শিগগিরই ফল প্রকাশ করা হবে। একই সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে চলতি সপ্তাহেই বদলি কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে।
বিষয়টি নিয়ে মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বলেন, শিক্ষামন্ত্রী সোমবার দেশে ফিরছেন। তার সঙ্গে আলোচনা করে শিক্ষকদের দ্রুত বদলির ব্যবস্থা নেওয়া হবে। চলতি সপ্তাহ থেকেই এ কার্যক্রম শুরু হতে পারে।
আরএইচটি/এমএসএ
