বিজ্ঞাপন

মাস্টার ট্রেইনার হতে শিক্ষকদের আবেদনের সময় বাড়ল

মাস্টার ট্রেইনার হতে শিক্ষকদের আবেদনের সময় বাড়ল

মাধ্যমিক পর্যায়ের বাংলা, ইংরেজি, গণিত ও বিজ্ঞান বিষয়ের শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়ন (পিডিটি) প্রশিক্ষণ পরিচালনার জন্য মাস্টার ট্রেইনার পুল গঠনে অনলাইনে আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী, আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। এর আগে আবেদনের শেষ সময় ছিল ১৫ সেপ্টেম্বর।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) লার্নিং অ্যাক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন (লেইস) প্রকল্পের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের যৌথ অর্থায়নে মাউশি লেইস প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের আওতায় মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের শিখন ত্বরান্বিত করতে শিক্ষকদের বিষয়ভিত্তিক দক্ষতা বাড়ানোর প্রশিক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে। এর অংশ হিসেবে মাধ্যমিক পর্যায়ের ৫৩ হাজার ৭৬০ জন শিক্ষককে বাংলা, ইংরেজি, গণিত ও বিজ্ঞান বিষয়ে ৪২ দিনব্যাপী পেশাগত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হবে।

এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার জন্য বিষয়ভিত্তিক মাস্টার ট্রেইনারদের একটি পুল গঠন করা হবে। এ লক্ষ্যে মাউশির মহাপরিচালক প্রশিক্ষক নির্বাচন নীতিমালা অনুমোদন করেছেন। ওই নীতিমালা অনুযায়ী, পেশাগত মানদণ্ডের ভিত্তিতে অনলাইনে আবেদনকারীদের মধ্য থেকে মাস্টার ট্রেইনার পুল প্রস্তুত করা হবে।

মাস্টার ট্রেইনার হিসেবে সরকারি কলেজ, সরকারি প্রশিক্ষণ ইনস্টিটিউট, শিক্ষা প্রশাসন, শিক্ষা অধিদপ্তর, শিক্ষাসংশ্লিষ্ট সরকারি দপ্তর ও প্রকল্প এবং সরকারি বিদ্যালয়ের দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক-কর্মকর্তাদের নির্বাচন করা হবে।

আবেদনকারীদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধান বা কর্তৃপক্ষের অগ্রায়ণপত্র জমা দিতে হবে। ওই পত্রে আবেদনকারীকে মাস্টার ট্রেইনার প্রশিক্ষণ গ্রহণের অনুমতি এবং প্রশিক্ষণ শেষে সংশ্লিষ্ট প্রশিক্ষণকেন্দ্রে অনুষ্ঠিত প্রশিক্ষণে ক্লাস নেওয়ার জন্য অনাপত্তি দেওয়ার বিষয়টি উল্লেখ থাকতে হবে।

এছাড়া, প্রযোজ্য ক্ষেত্রে প্রশিক্ষক হিসেবে অভিজ্ঞতা, প্রশিক্ষণ গ্রহণের সনদপত্রসহ প্রয়োজনীয় সনদপত্র বা অফিস আদেশের মতো প্রমাণক জমা দিতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মাঠপর্যায়ে পিডিটি কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে বাংলা, ইংরেজি, গণিত ও বিজ্ঞান বিষয়ের যোগ্য ও আগ্রহী শিক্ষক-কর্মকর্তাদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে। অধিকসংখ্যক শিক্ষককে আবেদনের সুযোগ দিতে আবেদনের সময়সীমা ২৬ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

আগ্রহী প্রার্থীরা প্রয়োজনীয় কাগজপত্রসহ mtr.laiseproject.com ওয়েবসাইটে আবেদন করতে পারবেন। কারিগরি সহায়তার জন্য ০১৩৪৬১৫০৭৯০ নম্বরে যোগাযোগ করা যাবে। এছাড়া, [email protected] ই-মেইলে যোগাযোগ করা যাবে।

আরএইচটি/জেআই