বিজ্ঞাপন

ঈদে ‘পরদেশী’ নিয়ে আসছেন সালমা

ঈদে ‘পরদেশী’ নিয়ে আসছেন সালমা

করোনার কারণে স্টেজ শো আপাতত বন্ধ থাকলেও স্টুডিও রেকর্ডিং নিয়ে ভালোই ব্যস্ত সময় পার করছেন ফোক ঘরানার জনপ্রিয় শিল্পী সালমা। বর্তমানে ঈদের উপহার নিয়ে প্রস্তুত হচ্ছেন ২০০৬ সালের ক্লোজআপ ওয়ান বিজয়ী এই তারকা।

এরমধ্যে সম্প্রতি তিনি কণ্ঠ দিলেন ‘পরদেশী’ শিরোনামের একটি বিশেষ গানে। সবুজ অরণ্যর কথায় এটির সুর-সংগীতায়োজন করেছেন রেজওয়ান শেখ। গানটি ধরে তৈরি হলো এর ভিডিও। আসন্ন ঈদকে সামনে রেখে গানচিত্রটি প্রকাশ হবে সিডি প্লাসের ব্যানারে। প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলের পাশাপাশি বেশ কয়েকটি অডিও-ভিডিও শেয়ারিং মাধ্যমেও শোনা যাবে গানটি।

Dhaka Post

গানটি প্রসঙ্গে সালমা বলেন, ‘‘এবার শো নিয়ে ব্যস্ততা নেই। তাই হাতে থাকা সময়টা কাজে লাগাচ্ছি। প্রচুর গান রেকর্ড করছি। এরমধ্যে ২৫টার মতো গান রেকর্ড হয়ে আছে বিভিন্ন প্রতিষ্ঠানের। তার মধ্যে ‘পরদেশী’ গানটি অন্যতম। গানটির কথা-সুর খুবই মনে লাগার মতো।’’

সিডি প্লাস সূত্র জানায়, ‘পরদেশী’ অন্তর্জালে উন্মুক্ত করা হবে ঈদের আগে আগে।

উল্লেখ্য, সর্বশেষ গত ৩০ মার্চ রাতে নিজের ইউটিউব চ্যানেল ‘সালমা মিউজিক’ এ ‘যাচ্ছে দিন’ শিরোনামের গান-ভিডিও প্রকাশ করেন সালমা।

বিজ্ঞাপন