ঢালিউডের নতুন জুটি চিত্রনায়ক জিয়াউল রোশান ও চিত্রনায়িকা বুবলীকে নিয়ে দুটি সিনেমা নির্মাণ করেছেন সময়ের আলোচিত প্রযোজক ও নির্মাতা মোহাম্মদ ইকবাল।
তবে দুইটি ছবি প্রেক্ষাগৃহে দর্শক টানতে পারেনি। মুখ ফিরিয়ে নিয়েছে নতুন এই জুটি থেকে। সবশেষ ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত ‘রিভেঞ্জ’ সিনেমা মুখ থুবড়ে পড়েছে। যেই সিনেমায় কাজ করেছেন রোশান-বুবলী।
এরপরই নতুন এই জুটিকে নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছেন প্রযোজক ইকবাল। তার পরবর্তী সিনেমা ‘বিট্রে’ থেকে বাদ দেওয়া হয়েছে রোশান-বুবলীকে। ইতোমধ্যেই সিনেমাটির ৪০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। তবুও এই জুটি নিয়ে সিনেমা শেষ না করার সিদ্ধান্ত ইকবালের।
আরও পড়ুন
বিষয়টি নিশ্চিত করে এই নির্মাতা বলেন, ‘রিভেঞ্জ’ দারুণ একটি গল্পের সিনেমা। অ্যাকশন থেকে শুরু করে একটি পরিপূর্ণ সিনেমা বলতে যা বোঝায় সবকিছু এতে আছে। রোশান-বুবলীকে জুটি করে চ্যালেঞ্জ নিয়েছিলাম। চেয়েছিলাম, দর্শকদের নতুন একটি জুটি উপহার দিতে। কিন্তু দর্শক জুটিটি পছন্দ করেনি। পরপর রোশানের দুটি এবং বুবলীর একটি সিনেমা মুক্তি পেয়েছে। কিন্তু তারা দর্শক টানতে পারছে না। তাই সিদ্ধান্ত নিয়েছি পূর্ব ঘোষিত ‘বিট্রে’ তাদের নিয়ে বানাব না। নতুন জুটি নিয়ে শিগগিরই সিনেমাটির কাজ শুরু করব।
ইকবাল আরও বলেন, ইতোমধ্যেই ‘বিট্রে’র ৪০ ভাগ কাজ শেষ হয়েছে। বাজেটের অর্ধেক অর্থও শেষ। তারপরও আমি ঝুঁকি নিয়ে তাদের বাদ দিয়েছি। এখন নতুন করে ভাবছি। এতটুকুই বলবো- নতুন জুটিতে বড় চমক থাকবে।
প্রসঙ্গত, রিভেঞ্জ-এ শবনম বুবলীর সঙ্গে জুটি বেঁধেছেন জিয়াউল রোশান। সুনান মাল্টিমিডিয়া প্রযোজিত এ সিনেমায় আরও অভিনয় করেছেন দীপা খন্দকার, মিশা সওদাগর, সীমান্তসহ অনেকে।
এনএইচ
