বিজ্ঞাপন

‘মনে হচ্ছিল কিছুতেই এখানে থাকাটা ঠিক হচ্ছে না’

‘মনে হচ্ছিল কিছুতেই এখানে থাকাটা ঠিক হচ্ছে না’

দেশ-বিদেশের নানা প্রান্তে বহু সিনেমায় শুটিং করেছেন ওপার বাংলার অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী। বিভিন্ন ধরনের অভিজ্ঞতাও হয়েছে তার। তবে কখনো কি ভূতের ভয় পেয়েছেন অভিনেতা? ভূত চতুর্দশীতে নিজের বাড়িতে কাটানো এক ভয়ঙ্কর রাতের কাহিনি ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন। জীবনে প্রথম এমন অদ্ভুত অভিজ্ঞতা হয়েছিল তার।

এমনিতে নাকি কোনো কিছুতেই তেমন ভয় নেই চিরঞ্জিতের। তবে নিজের পরিচালিত সিনেমা ‘ভয়’-এর শুটিংয়ের সময়ে কিছু দৃশ্যে খানিক থমকে গিয়েছিলেন অভিনেতা। দেবশ্রী রায়, সৌমিত্র বন্দ্যোপাধ্যায়, শঙ্কর চক্রবর্তীর মতো অভিনেতাদের নিয়ে সেই সময়ে পুরোদমে শুটিং চলছিল। হঠাৎ খানিক কেঁপে উঠলেন চিরঞ্জিত। 

তিনি বলেন, ‘জমিয়ে শুটিং চলছিল তখন। হঠাৎ একটা জানলা খোলার দৃশ্যের শুটিংয়ের সময়ে বদলে গেল চারিদিক। সত্যি বলতে আমি নিজেও ভয় পেয়ে গিয়েছিলাম কিছুক্ষণের জন্য। মনে মনে অবশ্য সেই সময় ভয়ের থেকেও আনন্দ হচ্ছিল এটা ভেবে যে দর্শকেরও নিশ্চয়ই একই অনুভূতি হবে।’

তার কথায়, ‘আমার ফ্ল্যাটে একবার অদ্ভুত অভিজ্ঞতা হয়েছিল। স্ত্রী সেই সময়ে সম্ভবত বাপের বাড়ি গিয়েছিল। আমি একা একই বাড়িতে দুটো ফ্লোরে দুটো ফ্ল্যাট আমার। সে দিন রাতে ছবি আঁকার জন্য উপরের ফ্ল্যাটে গিয়েছিলাম। চারপাশ একদম শান্ত হাতে সেরকম কোনও কাজও নেই কিন্তু কিছুক্ষণ থাকার পরেই গা ছমছম করতে শুরু করল। মনে হচ্ছিল কিছুতেই এখানে থাকাটা ঠিক হচ্ছে না। কিছু একটা ব্যাপার নিশ্চয়ই আছে।’

চিরঞ্জিত বলেন, ‘তারপর থেকেই অদ্ভুত একটা আওয়াজ শুরু হয়। কিছুতেই সেই দিন কাজটা আর করতে পারলাম না। সত্যি বলতে সিচুয়েশনটা থেকে পালিয়ে এসেছিলাম। বার বার মনে হয়েছিল ঘরের ভিতরে দ্বিতীয় কেউ রয়েছে কিছু একটা তো হচ্ছে।’

এমনিতে ঘরের ভিতর খুটখাট শব্দ হলে তিনি ভাবেন, হয়তো ইঁদুর দৌড়াচ্ছে। কিন্তু ওই দিনের ব্যাপারটা একটু সিরিয়াস হয়ে যাওয়ায় ভয় পেয়ে গিয়েছিলেন অভিনেতা। তিনি বলেন, ‘নীচের ফ্ল্যাটে যেহেতু থাকি তাই ওই জায়গাটার সঙ্গে একটা কমফোর্ট জোন তৈরি হয়েছে। ওটা আমার নিরাপদ আস্তানা। কিন্তু সে দিন বেডরুম থেকে দরজা খুলে দেখারও সাহস হচ্ছিল না।’

এমআইকে