অরিজিতের দেখানো পথেই হাঁটছেন অভিনেতা রাজীব!

হিন্দি টেলিভিশনের পর্দা কাঁপানো সেই সুজল কিংবা ক্যাপ্টেন রাজবীর- রাজীব খন্ডেলওয়ালকে দর্শক আজও এই নামেই চেনেন। একসময় যার জনপ্রিয়তায় টালমাটাল ছিল বলিউড ও ওটিটি প্ল্যাটফর্ম, সেই অভিনেতা কি তবে এবার চিরতরে অভিনয়কে বিদায় জানাচ্ছেন?
সম্প্রতি গায়ক অরিজিৎ সিংয়ের প্লেব্যাক থেকে অবসরের ঘোষণার রেশ কাটতে না কাটতেই রাজীবের এমন ইঙ্গিতপূর্ণ বার্তা ভক্তদের মনে নতুন শঙ্কার জন্ম দিয়েছে। ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় টেলিভিশন ছেড়েছিলেন রাজীব।
এরপর ‘আমির’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হলেও কেন যেন ইন্ডাস্ট্রির মূল স্রোতে ঠিকভাবে জায়গা করে নিতে পারেননি তিনি। সেই আক্ষেপ অভিনেতা বিভিন্ন সময়ে প্রকাশও করেছেন। তবে এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সাম্প্রতিক এক পোস্ট ঘিরে জল্পনা তুঙ্গে।
আদালত চত্বরে কালো কোট পরা একটি ছবি পোস্ট করে রাজীব লিখেছেন, ‘সারাজীবন যেটা করতে চেয়েছিলাম, এখন সেটাই করছি। আপনারা কি জানেন, ইন্ডিয়ান পেনাল কোড এখন ‘ভারতীয় ন্যায় সংহিতা’ হয়ে গিয়েছে?’
সরাসরি ‘অবসর’ শব্দটি উচ্চারণ না করলেও রাজীবের এমন পোস্ট ভক্তদের ভাবিয়ে তুলেছে। তিনি কি তবে অভিনয়ের পাট চুকিয়ে এবার আইনের জগতে নাম লেখালেন? নাকি এটি নতুন কোনো প্রজেক্টের প্রচারণা- তা নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে। তবে ইন্ডাস্ট্রির একটি বড় অংশের মতে, প্রাপ্য মূল্যায়ন না পাওয়ার আক্ষেপ থেকেই রাজীব হয়তো পেশা বদলের দিকে হাঁটছেন।
এমআইকে