রাজপালে ঋণের বিষয়ে মুখ খুললেন স্ত্রী রাধা

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান রাজপাল যাদবের সময়টা মোটেও ভালো যাচ্ছে না। ৯ কোটি টাকার ঋণের দায়ে বর্তমানে তিহাড় জেলে বন্দি আছেন এই অভিনেতা। দিল্লির উচ্চ আদালতের নির্দেশে আত্মসমর্পণ করার পর থেকেই বিমর্ষ রাজপালের পরিবার। তবে এই কঠিন সময়ে ভেঙে না পড়ে অবশেষে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলেছেন তার স্ত্রী রাধা যাদব।
রাধা জানান, রাজপাল বিপদে পড়লেও বলিউড ইন্ডাস্ট্রি তাদের একা ছেড়ে দেয়নি। অনেক বড় বড় তারকা পাশে দাঁড়িয়েছেন। তিনি বলেন, ‘সবাই তার পাশে এসে দাঁড়িয়েছেন। ইন্ডাস্ট্রি থেকে আমরা অভাবনীয় সাহায্য ও সমর্থন পাচ্ছি। যারা এই দুঃসময়ে আমাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, তাদের সবার প্রতি আমি ও আমার পরিবার গভীরভাবে কৃতজ্ঞ।’
বলিউড তারকাদের সংহতি রাজপাল যাদবের এই আর্থিক সংকটে এগিয়ে এসেছেন সোনু সুদ, অজয় দেবগন, সালমান খান ও বরুণ ধাওয়ানের মতো তারকারা। গায়ক মিকা সিং ইতিমধ্যেই ১১ লাখ টাকা দিয়ে সাহায্যের হাত বাড়িয়েছেন।
রাজপালের ব্যক্তিগত সহকারী গোল্ডি জৈন জানান, শীর্ষ অভিনেতা থেকে শুরু করে পরিচালক-প্রযোজক সবাই খোঁজ নিচ্ছেন। তিনি বলেন, ‘সালমান, অজয়, বরুণ এমনকি পরিচালক ডেভিড ধাওয়ানও ফোন করেছেন। তারা ভাইয়ের (রাজপাল) শুভাকাঙ্ক্ষী। তবে সাহায্যের প্রক্রিয়াগুলো কীভাবে সম্পন্ন হবে তা নিয়ে আলোচনা চলছে।’
আত্মসমর্পণের আগে রাজপাল নিজে সাহায্যের চেষ্টা করেছিলেন কি না, সে বিষয়ে গোল্ডি জৈন সরাসরি কোনো মন্তব্য করতে চাননি। তার কথায়, ‘টাকাপয়সার লেনদেন তো আর এক রাতে সম্ভব নয়। কিন্তু পরিস্থিতির গুরুত্ব বুঝে যেভাবে পুরো ইন্ডাস্ট্রি ঢাল হয়ে দাঁড়িয়েছে, তা সত্যিই প্রশংসনীয়।’
এমআইকে