ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ রাজপালের

৯ কোটি টাকার চেক বাউন্স মামলায় দিল্লির তিহার জেল থেকে মুক্তি পেলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা রাজপাল যাদব। আত্মসমর্পণের ১২ দিন পর কারাগার থেকে বের হন তিনি। এর আগে সোমবার দিল্লি হাইকোর্ট ১.৫ কোটি টাকার ডিমান্ড ড্রাফট জমা দেওয়ার শর্তে অভিনেতার অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন।
তবে দাপ্তরিক কাজ ও কাগজপত্র যাচাইয়ের প্রক্রিয়া শেষ করতে বিলম্ব হওয়ায় একদিন পর মঙ্গলবার তিনি বাড়ি ফেরার অনুমতি পান। জেল থেকে বেরিয়েই অপেক্ষমাণ সংবাদমাধ্যমের মুখোমুখি হন রাজপাল যাদব। এ সময় তাকে বেশ আত্মবিশ্বাসী দেখাচ্ছিল।
ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ‘২০২৭ সালে বলিউডে আমার ৩০ বছর পূর্ণ হবে। সারা দেশের মানুষ শিশু, বৃদ্ধ এবং তরুণ সবাই আমার পাশে আছেন। পুরো দেশ, বিশ্ব এবং আমার বলিউড আমাকে যেভাবে ভালোবেসেছে, তাতে আমি অভিভূত। যদি আমার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে, তবে আমি তার উত্তর দিতে সম্পূর্ণ প্রস্তুত। আমি হাইকোর্টের প্রতি কৃতজ্ঞ।’
রাজপাল যাদবের এই আইনি জটিলতার সূত্রপাত ‘আতা পাতা লাপাতা’ নামক একটি চলচ্চিত্র নির্মাণকে কেন্দ্র করে। ছবিটি তৈরির জন্য তিনি ‘মুরলি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড’ এবং ‘সেন্ট্রাল ব্যাংক অব ইন্ডিয়া’ থেকে ৫ কোটি টাকা ঋণ নিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে।
এতে চরম আর্থিক লোকসানের মুখে পড়েন অভিনেতা এবং সময়মতো ঋণ পরিশোধে ব্যর্থ হন। বিষয়টি আদালত পর্যন্ত গড়ালে চেক বাউন্স মামলায় তাকে জেল খাটতে হয়। এই মামলায় ২০১৮ সালেও রাজপাল যাদবকে তিন মাসের জেল খাটতে হয়েছিল। ২০২৪ সালে ঋণের দায়ে ব্যাংক কর্তৃপক্ষ তার নিজ শহর শাহজাহানপুরে কোটি কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করে।
এমআইকে