ট্রেন মিস করার সেই রাত নিয়ে ‘মিস্ট্রি ইন ব্লুম’

একটি প্ল্যাটফর্ম, এক জোড়া তরুণ-তরুণী; একটুর জন্য মিস হয়ে যাওয়া একটি ট্রেন। এমনই এক রহস্যঘেরা মুহূর্ত ও রাতকে কেন্দ্র করে নির্মিত হয়েছে নতুন ওয়েব ফিল্ম ‘মিস্ট্রি ইন ব্লুম’।
গতানুগতিক রোম্যান্টিক গল্পের বাইরে গিয়ে ‘মিস্ট্রি ইন ব্লুম’ তুলে ধরেছে সম্পর্ক ও অনুভূতির এক নতুন মাত্রা। সিনেমাটির রচনা ও পরিচালনা করেছেন শাওয়ানা। পর্দায় নিজের গল্পের প্রধান চরিত্রে তিনি নিজেও অভিনয় করেছেন, যেখানে তার বিপরীতে অভিনয় করেছেন তরুণ অভিনেতা প্রান্তর দস্তিদার।
মুক্তির পর থেকেই দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছে সিনেমাটি। শাওয়ানা জানান, মন্তব্যের ঘরে দর্শকরা জানাচ্ছেন যে, গল্পটি দেখার পর তাদের মধ্যে এক ধরনের ‘নীরব ভালোলাগা’ কাজ করছে।
‘মিস্ট্রি ইন ব্লুম’ সিনেমাটি প্রযোজনায় রয়েছেন রাসেল মাহমুদ। চিত্রগ্রহণ করেছেন মহিবুল্লাহ (শান্ত), সম্পাদনায় সৌরভ হাওলাদার, রঙ সম্পাদনায় চিন্ময় রায়, শব্দ পরিকল্পনায় রিপন নাথ এবং সংগীত পরিচালনায় জাহিদ নিরব। ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-তে দেখা যাচ্ছে এই ওয়েব ফিল্মটি।
শাওয়ানা এর আগে বেশ কিছু স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও মিউজিক ভিডিও নির্মাণ করে নিজের মেধার জানান দিয়েছেন। তার নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য রোড টু মাই ফাদার’ আন্তর্জাতিক ১০টি চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়ে প্রশংসা কুড়িয়েছে। সেই ধারাবাহিকতায় এবার দীর্ঘতর ফরম্যাটে নিজের মুন্সিয়ানা দেখালেন এই তরুণ নির্মাতা।
ডিএ