ভাষা দিবসে তারিক আনামের বিশেষ নাটক ‘আমার বর্ণমালা’

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পর্দায় আসছে বিশেষ নাটক ‘আমার বর্ণমালা’। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বরেণ্য অভিনেতা তারিক আনাম খান। সীমান্ত সজলের রচনা ও পরিচালনায় নাটকটি বিশেষভাবে টেলিভিশনে প্রচার হবে আজ শনিবার (২১ ফেব্রুয়ারি)।
নাটকটির গল্প আবর্তিত হয়েছে একজন মুক্তিযোদ্ধার সন্তান ওহাব মাস্টারকে কেন্দ্র করে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় রাজাকাররা ওহাব মাস্টারের বাড়িতে আগুন দেয়। সেই বিভীষিকাময় রাতে শিশু ওহাবের হাতে একটি বর্ণমালার বই তুলে দিয়ে তার বাবা বলেছিলেন, ‘তুই আমার বর্ণমালা বাঁচা’।
তখন বর্ণমালার বই হাতে ওহাব দৌড়ে বের হতে পারলেও তার বাবা-মা আগুনে পুড়ে মারা যায়। তারপর থেকে ওহাব তার বাবার দেওয়া ‘আমার বর্ণমালা’ বইকে নতুন প্রজন্মের কাছে পৌঁছানোর দায়িত্ব নেয়।
গল্পের বাঁক বদল হয় যখন ওহাব মাস্টারের স্কুলে বাংলার পরিবর্তে ইংরেজি মাধ্যম চালুর পরিকল্পনা করা হয়। মাতৃভাষার প্রতি দায়বদ্ধতা থেকে এই সিদ্ধান্তের বিরুদ্ধে রুখে দাঁড়ান তিনি। তবে এর পরিণতি হয় অত্যন্ত করুণ। একুশে ফেব্রুয়ারির সকালে শিক্ষার্থীরা শহীদ মিনারে ফুল দিতে গিয়ে দেখতে পায় সেখানে পড়ে আছে ওহাব মাস্টারের নিথর দেহ।
তারিক আনাম খানের পাশাপাশি এই নাটকের বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী হামিদসহ আরও বেশ কয়েকজন পরিচিত মুখ। ভাষা দিবসের বিশেষ আবহে নির্মিত এই নাটকটি দর্শকদের মনে দাগ কাটবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
নাটকটি এর আগে ইউটিউবে প্রকাশ করা হলেও শনিবার রাত ৮ টায় বেসরকারি টেলিভিশন মাছরাঙা টেলিভিশনে ফের প্রচার করা হবে।
ডিএ