শুটিং সেটে কান্নায় ভেঙে পড়লেন ভারতী

জনপ্রিয় কৌতুকশিল্পী ভারতী সিং। দ্বিতীয় সন্তানের মা হয়েছেন খুব বেশিদিন হয়নি। মাতৃত্বকালীন ছুটির তোয়াক্কা না করেই ফিরেছেন শুটিং সেটে। হাস্যরস আর কৌতুকে দর্শকদের মাতিয়ে রাখাই যার কাজ, সেই এবার শুটিং সেটেই কান্নায় ভেঙে পড়লেন।
আকস্মিক এক দুর্ঘটনায় রীতিমতো দিশেহারা হয়ে পড়েন এই তারকা। গত ডিসেম্বরেই পুত্রসন্তানের মা হয়েছেন ভারতী। প্রথম সন্তানের মতো দ্বিতীয়বারও বিশ্রামের ধার ধারেননি তিনি। মাত্র ১৮ দিনের মাথায় কাজে ফেরেন। কেন এত দ্রুত কাজে ফেরা? এমন প্রশ্নে ভারতীর চিরাচরিত রসিকতা ছিল, ‘টাকার খুব দরকার।’
তবে এবার সেই কাজের জায়গাতেই ঘটল এক বিপত্তি। বর্তমানে ‘লাফটার শেফ’ নামক একটি রিয়্যালিটি শো-র শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন ভারতী। শুটিং চলাকালীন হঠাৎ তিনি খেয়াল করেন, তার কানে থাকা দামী হিরের দুলটি কোথাও নেই। সাধের গয়না হারিয়ে মুহূর্তেই কান্নায় ভেঙে পড়েন তিনি।
সহকর্মীদের সামনেই ব্যাকুল হয়ে ওঠেন ভারতী। তার মতে, ‘এভাবে গয়না হারিয়ে যাওয়া মোটেও শুভ লক্ষণ নয়।’ ভারতীর এমন অবস্থা দেখে সেটে শোরগোল পড়ে যায়। সবাই খুঁজতে শুরু করেন সেই দুল।
অবশেষে ত্রাতা হয়ে এগিয়ে আসেন তার ব্যক্তিগত সহকারী। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর তিনিই উদ্ধার করেন হারিয়ে যাওয়া হিরের দুলটি। দুল ফিরে পেয়ে তার মুখের ফিরে আসে হাসি।
এমআইকে