চার তারকা নিয়ে ঈদের টেলিফিল্ম ‘ভালোবাসার অন্য নাম তুমি’

আসন্ন ঈদুল ফিতরে আসছে বিশেষ টেলিফিল্ম ‘ভালোবাসার অন্য নাম তুমি’। প্রখ্যাত নির্মাতা চয়নিকা চৌধুরীর গল্প ও নির্দেশনায় এই টেলিফিল্মে একসঙ্গে পর্দায় হাজির হচ্ছেন চার গুণী অভিনয়শিল্পী। তাদের মধ্যে ডলি জহুর, শহীদুজ্জামান সেলিম, দীপা খন্দকার ও রিচি সোলায়মান। ইফফাত আরেফীন তন্বীর রচনায় টেলিফিল্মটির শুটিং সম্প্রতি রাজধানীর বিভিন্ন লোকেশনে সম্পন্ন হয়েছে।
মানুষের জীবনের পাওয়া-না পাওয়ার চিরন্তন দ্বন্দ্বকে উপজীব্য করেই তৈরি হয়েছে এর কাহিনী। নির্মাতা চয়নিকা চৌধুরী বলেন, মানুষ যাকে চায়, তাকে পায় না; আবার যাকে পায়, তাকে সে চায় না। কিন্তু চারপাশের মানুষকে ভালো রাখতে গিয়ে সেই মানুষটিকেই মেনে নিয়ে জীবনে মানিয়ে নেওয়ার চেষ্টা করে; এটাই এই টেলিফিল্মের মূল কথা।
দীর্ঘদিন পর চয়নিকা চৌধুরীর নির্দেশনায় কাজ করা প্রসঙ্গে তারকারা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। ডলি জহুর বলেন, চয়ন সব সময় জীবনের গল্প নিয়ে কাজ করে। এর আগে তার ‘লাইফ ইজ বিউটিফুল’ নাটকে দারুণ সাড়া পেয়েছি। এটিও আমাদের জীবনেরই গল্প।
শহীদুজ্জামান সেলিমবলেন, অনেকদিন পর চয়নিকার সঙ্গে কাজ হলো। ডলি আপা, দীপা ও রিচিকে একসঙ্গে এক ইউনিটে পাওয়া বিরল বিষয়। সব মিলিয়ে কাজ করে খুব আনন্দ পেয়েছি।
গত ২০ থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকায় টেলিফিল্মটির দৃশ্যধারণ করা হয়েছে। এটি প্রযোজনা করেছেন ‘রঙ্গন’ মিউজিকের কর্ণধার মো. জামাল হোসেন। নির্মাতা সূত্রে জানা গেছে, আগামী ঈদে একটি বেসরকারি স্যাটেলাইট চ্যানেলে প্রচারের পর টেলিফিল্মটি ‘রঙ্গন এন্টারটেইনমেন্ট’ ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে।
ডিএ