‘মিস্টার ইন্ডিয়া’ খ্যাত মায়াঙ্ক মারা গেছেন

জনপ্রিয় রিয়েলিটি শো ‘স্প্লিটসভিলা ৭’ খ্যাত বডি বিল্ডার মায়াঙ্ক পাওয়ার মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৩৭ বছর। সোমবার (২৪ ফেব্রুয়ারি) মায়াঙ্কের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে তার মৃত্যুর খবরটি নিশ্চিত করা হয়েছে।
৭ বারের ‘মিস্টার ইন্ডিয়া’ খেতাবজয়ী এই অ্যাথলেটের অকালপ্রয়াণে ভারতের টেলিভিশন ও ফিটনেস মহলে শোকের আবহ বিরাজ করছে। তবে এখন পর্যন্ত তার মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। বিষয়টি নিয়ে ধোঁয়াশা থাকলেও ভক্তদের মাঝে কাজ করছে গভীর শূন্যতা।
গত ১ জানুয়ারি মায়াঙ্ক তার ৩৭তম জন্মদিন উদ্যাপন করেছিলেন। বছর শুরুর আনন্দের রেশ কাটতে না কাটতেই এই দুঃসংবাদে স্তব্ধ সোশ্যাল মিডিয়া। মায়াঙ্কের পরিবারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ভাই, চ্যাম্পিয়ন, পরামর্শদাতা এবং অনেকের অনুপ্রেরণা মায়াঙ্ক চিরকাল আমাদের হৃদয়ে বেঁচে থাকবেন।’
পরিবার সূত্রে জানা গেছে, মায়াঙ্কের স্মরণে আগামীকাল দিল্লির রানা প্রতাপ বাগের বাল্মীকি মন্দিরে বিকাল ৫টা থেকে ৬টার মধ্যে একটি প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে। সেখানে তার বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
উল্লেখ্য, জনপ্রিয় ডেটিং রিয়েলিটি শো ‘স্প্লিটসভিলা’ সিজন ৭-এ অংশগ্রহণের মাধ্যমে ব্যাপক পরিচিতি পান মায়াঙ্ক। ঠান্ডা মাথার পারফরম্যান্স এবং কৌশলী খেলার জন্য তিনি দর্শকদের কাছে বেশ প্রিয় ছিলেন। বিশেষ করে তার এলিমিনেশন পর্বটি আজও সেই সিজনের অন্যতম আবেগঘন মুহূর্ত হিসেবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
এমআইকে