এই একুশে পদক আপনাদেরই : ওয়ারফেজ

রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর একুশে পদকে ভূষিত হয়েছেন ৯ জন গুণী ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে ‘একুশে পদক-২০২৬’ তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বছর সংগীতে বিশেষ অবদানের জন্য এই মর্যাদাপূর্ণ পদক অর্জন করেছে দেশের জনপ্রিয় ব্যান্ড ‘ওয়ারফেজ’।
রাজধানীর এই জমকালো আয়োজনে প্রধানমন্ত্রীর কাছ থেকে পদকটি গ্রহণ করেন ওয়ারফেজ-এর দলনেতা ও ড্রামার শেখ মনিরুল আলম টিপু। এরপর সামাজিক মাধ্যমে একটি আবেগঘন বার্তা দিয়ে তিনি লেখেন, আজ ওয়ারফেজের জন্য এক গর্বিত ও ঐতিহাসিক মুহূর্ত। সংগীতে আমাদের অবদানের স্বীকৃতি হিসেবে একুশে পদক অর্জন করতে পেরে আমরা গভীরভাবে সম্মানিত ও কৃতজ্ঞ। এই সম্মান শুধু ব্যান্ডের নয়, এই দীর্ঘ যাত্রায় পাশে থাকা প্রতিটি শ্রোতা, সমর্থক এবং শুভাকাঙ্ক্ষীরও।
বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ব্যান্ডটির পক্ষ থেকে জানানো হয়, এই পদক তারা তাদের ভক্তদের উৎসর্গ করছেন। টিপু তার পোস্টে আরও যুক্ত করেন, ভক্তদের বিশ্বাসই সবসময় আমাদের সবচেয়ে বড় শক্তি। এই একুশে পদক আপনাদেরই।
উল্লেখ্য, প্রতিবছর ভাষা আন্দোলন, শিল্পকলা, বিজ্ঞান ও প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য বিশিষ্ট নাগরিক ও প্রতিষ্ঠানকে রাষ্ট্রের এই দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা প্রদান করা হয়।
ডিএ