শুধু অ্যাকশন নয়, টক্সিকে থাকছে রোম্যান্সও!

হাতে জ্বলন্ত চুরুট, উন্মুক্ত শরীর আর কাঁধে মুখ লুকিয়ে থাকা এক রহস্যময়ী নারী; ঠিক এমন এক লুক দেখা গেল কন্নড় সুপারস্টার ইয়াশের নতুন সিনেমা ‘টক্সিক’র প্রথম গান ‘তাবাহি’র পোস্টারে। সদ্যই প্রকাশ পেয়েছে অ্যাকশন ঘরানার সিনেমার গানের পোস্টার; যেখানে সেই নারীর চরিত্রে আছেন কিয়ারা আদভানি। আর পোস্টারটিও রীতিমতো শোরগোল ফেলেছে সামাজিক মাধ্যমে।
পোস্টারে ইয়াশের বিধ্বংসী লুকের বিপরীতে কিয়ারার আলিঙ্গন এক ধরনের শান্ত আবেশ তৈরি করেছে। এতে স্পষ্ট, শুধু অ্যাকশন নয়, টক্সিকে থাকছে রোম্যান্সও! আগামী ২ মার্চ গানটি আনুষ্ঠানিকভাবে মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতারা।

এদিকে সিনেমাটির টিজারও দর্শকদের মাঝে বেশ আগ্রহ তৈরি করেছে। টিজারটি সাজানো হয়েছে অন্ধকার ও রহস্যময় এক আবহে। এখানে ইয়াশকে দেখা যাচ্ছে ‘রায়া’ নামক এক দুর্ধর্ষ চরিত্রে। যে শুধু শত্রুর হাড়গোড় গুঁড়ো করতেই জানে না, বরং নিজের সিদ্ধান্তে অটল থেকে যেকোনো খেলা শেষ করে দিতে দক্ষ।
এছাড়াও টিজার জুড়ে রয়েছে রক্তক্ষয়ী সংঘর্ষ, মাথা কেটে ফেলার মতো ভয়ংকর দৃশ্য এবং সাহসী কিছু মুহূর্ত। তবে সবচেয়ে বড় চমক ছিল টিজারের একেবারে শেষে। সেখানে দীর্ঘ দাড়ি-গোঁফ ছাড়া ক্লিন শেভ লুকে ইয়াশকে দেখে ভক্তদের মনে প্রশ্ন জেগেছে- তবে কি এই সিনেমায় জনপ্রিয় এই তারকাকে দ্বৈত চরিত্রে দেখা যাবে?
গীতু মোহনদাস পরিচালিত এই সিনেমাটি কন্নড় ও ইংরেজি ভাষায় শুটিং হলেও দর্শকদের চাহিদা মাথায় রেখে এটি হিন্দি, তামিল ও তেলুগুসহ বেশ কয়েকটি ভাষায় মুক্তি পাবে। ইয়াশ ও কিয়ারা ছাড়াও এই বিশাল আয়োজনে অভিনয় করেছেন নয়নতারা, হুমা কোরেশি এবং তারা সুতারিয়ার মতো নামী তারকারা। সবকিছু ঠিক থাকলে আগামী ১৯ মার্চ বড় পর্দায় আসবে ‘টক্সিক’।
ডিএ