মঞ্চের এই রসায়ন তো মাত্র শুরু : আরিফিন শুভ

বলিউডের প্রতীক্ষিত সিরিজে ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত ভারতীয় ওয়েব সিরিজ ‘জাজ সিটি’। সম্প্রতি কলকাতায় সিরিজটির জমকালো প্রচারণা অনুষ্ঠানে অংশ নিয়েছেন এই অভিনেতা। নিজের ফেসবুক পেজ থেকে সেই মুহূর্তের একগুচ্ছ ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন শুভ।
ছবিতে তাকে গাঢ় সবুজ রঙের স্যাটিন স্যুট এবং স্টাইলিশ সানগ্লাসে অত্যন্ত আধুনিক ও চনমনে লুকে দেখা গেছে। অনুষ্ঠানের মঞ্চে শুভর সঙ্গে দেখা গেছে সিরিজের অন্যতম প্রধান আকর্ষণ ওপার বাংলার অভিনেত্রী সৌরসেনী মৈত্রকে। বেগুনি রঙের শাড়িতে সৌরসেনী এবং সবুজে মোড়ানো শুভর রসায়ন উপস্থিত সবার নজর কেড়েছে।
আরিফিন শুভ তার ফেসবুক পোস্টের ক্যাপশনে লিখেছেন, মাইক চেক, ১-২। দিনটি ছিল ঝোড়ো হাওয়ার মতো! অবশেষে ‘জাজ সিটি’র পেছনের মুখগুলোকে সবার সামনে পরিচয় করিয়ে দিতে পেরে খুব ভালো লাগছে। মঞ্চের এই কেমিস্ট্রি তো শুধু শুরু, প্রস্তুত হোন রিদমের জন্য।

শুভর শেয়ার করা ছবিগুলোতে দেখা যায়, তিনি পরিচালক সৌমিক সেন এবং অভিনেত্রী সৌরসেনী মৈত্রর সঙ্গে আড্ডায় মেতেছেন। মঞ্চে মাইক্রোফোন হাতে কথা বলার সময় তার চোখে-মুখে ছিল আত্মবিশ্বাসের ছাপ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভ জানান, সিরিজের পরিচালক, প্রযোজক ও সহকর্মীদের সঙ্গে এই প্রচার অনুষ্ঠানটি তার কাছে অনেকটা পুনর্মিলনীর মতো মনে হয়েছে।

আগামী ১৯ মার্চ থেকে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম ‘সনি লিভ’-এ (Sony LIV) দেখা যাবে এই সিরিজটি। সম্প্রতি প্রকাশিত পোস্টারেও দেখা গেছে রহস্য আর বারুদের গন্ধ। একদিকে স্যাক্সোফোন ও ট্রাম্পেট হাতে বাদক দল, অন্যদিকে ধ্বংসস্তূপ আর বন্দুকধারী পুলিশের উপস্থিতি জানান দিচ্ছে প্রেম, সংগীত আর সংঘাতের এক উত্তাল সময়ের গল্প।
সিরিজে শুভকে দেখা যাবে ‘জিমি রায়’ চরিত্রে। সত্তর দশকের রেট্রো লুক, কাট স্যুটের আভিজাত্য কিংবা মুখে সিগারেট নিয়ে শুভর ‘রাফ অ্যান্ড টাফ’ অবতার ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। ভক্তদের ধারণা, নির্মাতা সৌমিক সেনের পরিচালনায় এই সিরিজের মাধ্যমে বলিউডের মাটিতে নিজের শক্ত অবস্থান তৈরি করতে যাচ্ছেন আরিফিন শুভ। ১৯ মার্চের মুক্তির অপেক্ষায় এখন দিন গুনছেন দুই বাংলার দর্শকরা।
ডিএ