‘অভিনেতারা এক ডাল থেকে অন্য ডালে লাফিয়ে বেড়ান’

বর্তমানে ট্যালেন্ট ম্যানেজমেন্ট এজেন্সি পরিচালনা করতে গিয়ে অভিনেতা-অভিনেত্রীদের ঘনঘন দলবদল এবং পেশাদারিত্বের অভাব দেখে রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছেন বলিউড পরিচালক-প্রযোজক করণ জোহর। সম্প্রতি ‘স্ক্রিন’-এর সার্থক আহুজার সঙ্গে এক আলাপচারিতায় নিজের অভিজ্ঞতা ভাগ করেন ধর্মা কর্নারস্টোন এজেন্সি (DCAA)-র এই সহ-কর্ণধার।
করণ জানান, বর্তমান সময়ের অধিকাংশ অভিনেতার মধ্যেই পেশাদার আনুগত্যের বালাই নেই। কারও নাম উল্লেখ না করেই তিনি বলেন, ‘প্রতি দুই বছর অন্তর মানুষ এক এজেন্সি ছেড়ে অন্য এজেন্সিতে চলে যাচ্ছে।’
‘তারা এতটাই নিরাপত্তাহীনতায় ভোগেন যে মনে করেন আমরা কেবল সময়ের গণ্ডিতে বাঁধা। এই ব্যবসায় কেউ কারও অনুগত নয় অভিনেতারা কেবল এক ডাল থেকে অন্য ডালে লাফিয়ে বেড়ান।’
ট্যালেন্ট ম্যানেজমেন্ট ব্যবসার কঠিন বাস্তব তুলে ধরে করণ বলেন, ‘আপনি আপনার জীবনের মূল্যবান দুই বছর একজন প্রতিভার পিছনে ব্যয় করলেন, আর হঠাৎই সে অন্য কোথাও চলে গেল। আবার সেখানে পছন্দ না হলে ফিরে আসতে চায়। এটা একটা বিষচক্র।’
করণ জোহরের মতে, প্রতিভা ব্যবস্থাপনার ৯০ শতাংশ কাজই হলো মানুষের ইগো আর নিরাপত্তাহীনতা সামলানো, যা মোটেও সহজ কাজ নয়। তিনি মনে করেন, শুধু শিল্পীদের উপার্জনের ওপর কমিশন নিয়ে কোনো এজেন্সি টিকে থাকতে পারবে না। তার কথায়, ‘এই শিল্পীরা আদতে কিছুই নন, তারা কারও আপন নন। তাই এজেন্সিকে এখন অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করার কথা ভাবতে হবে।’
এমআইকে