ঈদে ভালোবাসার বার্তা নিয়ে কন্সট্যান্টের ‘ইচ্ছের আকাশ’

ঈদুল ফিতর উপলক্ষে নতুন গান নিয়ে হাজির হয়েছে দেশের রক ঘরানার জনপ্রিয় ব্যান্ড কন্সট্যান্ট। “ইচ্ছের আকাশ” শিরোনামের এই গানটি প্রকাশ পেয়েছে দেশের শীর্ষ অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজের ব্যানারে। ঈদের বিশেষ এই আয়োজন ইতোমধ্যেই শ্রোতাদের মাঝে সাড়া ফেলতে শুরু করেছে।
গানটি মুক্তি পেয়েছে জি-সিরিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলসহ বিভিন্ন ডিজিটাল অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মে। দেশ-বিদেশের শ্রোতারা গানটি শুনতে পাচ্ছেন স্পটিফাই, অ্যাপল মিউজিকসহ একাধিক আন্তর্জাতিক অডিও প্ল্যাটফর্মে।
ব্যান্ডের বেসিস্ট ও কো-অর্ডিনেটর আহম্মদ মোস্তফা আকিক বলেন, ‘ঈদ মানেই আনন্দ, মিলন আর হৃদয়ের বিশেষ অনুভূতি। ঈদের আবহে তারা এমন একটি গান উপহার দিতে চেয়েছেন, যা মানুষের অন্তরের লুকানো অনুভূতিকে ছুঁয়ে যাবে। প্রত্যেক মানুষের মনেই একটা ইচ্ছের আকাশ থাকে। সেই আকাশে ভেসে বেড়ায় কিছু স্বপ্ন, কিছু না বলা কথা। সেই অনুভব থেকেই এই গান।’
ব্যান্ড সূত্রে জানা গেছে, “ইচ্ছের আকাশ” মূলত স্বপ্ন, ভালোবাসা ও না-পাওয়া অনুভূতির এক আবেগঘন প্রকাশ। গানের কথায় ফুটে উঠেছে এমন এক অনুভব, যেখানে মানুষ তার মনের গোপন ইচ্ছেগুলোকে ছুঁতে চায় কখনো বাস্তবে, কখনো কল্পনার আকাশে। “ইচ্ছের আকাশ” শুধু একটি গান নয়, এটি যেন হৃদয়ের অদেখা অনুভূতির গল্প।
কখনও না-পাওয়া ভালোবাসা, কখনও অপূর্ণ স্বপ্ন, কখনও বা এক মায়াবী কল্পনার মানুষ সব মিলিয়ে গানটি তৈরি করেছে এক স্বপ্নিল আবহ। রক ধারার সুরে গাঁথা এই গান শ্রোতাকে নিয়ে যায় অনুভূতির গভীরে, যেখানে শব্দের চেয়েও বেশি কথা বলে নীরবতা।ঈদের আনন্দঘন আবহে গানটি যেন শ্রোতাদের মনে নতুন আশার আলো জ্বালাতে চায়।
২০০৫ সালে যাত্রা শুরু করা রক ব্যান্ড কন্সট্যান্ট ইতোমধ্যেই শ্রোতাদের মাঝে আলাদা পরিচিতি তৈরি করেছে। ২০১৪ সালে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে উৎসর্গ করে প্রকাশিত “স্বপ্নমিছিল” গানটি তাদের জনপ্রিয়তা বাড়ায়।
এছাড়া “মেঘবালিকা”, “ক্ষমা” সাদাকালো,অস্থির অনূভুতি এবং “স্বাধীনতা” শিরোনামের গানগুলোও শ্রোতামহলে প্রশংসিত হয়েছে। বর্তমানে কন্সট্যান্ট ব্যান্ডের লাইনআপে রয়েছেন জীবন (লিড গিটার), রাব্বি (ড্রামস ও ভোকাল), ইমন (লিড ভয়েস) এবং আকিক (বেজ)।
এমআইকে