‘সোশ্যাল মিডিয়ায় অসাধারণভাবে বড় করে দেখানো হয়’

উপস্থাপক ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয়ের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে শোরগোল পড়ে গেছে নেটমাধ্যমে। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে সামাজিক মাধ্যমে একটি তালিকা প্রকাশ করেন তিনি। যেখানে উঠে এসেছে বর্তমান সময়ের সবচেয়ে চাহিদাসম্পন্ন ১৫ জন অভিনেত্রী-নায়িকাদের নাম। মূলত একটি বড় কোম্পানির পণ্যের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজের জন্য এই তালিকাটি প্রস্তুত করা হয়েছে বলে জানান তিনি।
জয়ের শেয়ার করা ওই তালিকায় দেখা যায়, ক্রমানুসারে বিদ্যা সিনহা মিম, তাসনিয়া ফারিণ, জয়া আহসান, পরীমণি, নুসরাত ইমরোজ তিশা, অপু বিশ্বাস, নুসরাত ফারিয়া, শবনম ইয়াসমিন বুবলী, আজমেরী হক বাঁধন, পূর্ণিমা, পূজা চেরি, সাফা কবির, মেহজাবীন চৌধুরী, তানজিন তিশা এবং শবনম ফারিয়ার নাম রাখা হয়েছে।
জয় উল্লেখ করেন, বাজারে আসা বিশাল বড় কোম্পানির একটি প্রোডাক্ট এর বিজ্ঞাপনের জন্য নিম্নলিখিত শিল্পীদের নেওয়ার ব্যাপারে তালিকা পাঠিয়েছে। এই তালিকাটি তারা অনেক গবেষণা করে পাঠিয়েছে।
জয় লেখেন, তালিকাটি দেখে আমিও জেনে নিলাম সত্যিকারের চাহিদা সম্পন্ন নায়িকা কারা কারা। এর ভেতর নতুন পুরাতন মিলিত আছে। হয়তো চাহিদা সম্পন্ন আরো দুই একজন বাদ পড়েছে। কিন্তু বুঝে নেবার জন্য যথেষ্ট।
পোস্টটি প্রকাশের পরপরই তা সামাজিক মাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়। বিষয়টি নিয়ে আলোচনা তুঙ্গে উঠলে এমন সময়ে একটি ব্যাখ্যা মূলক পোস্ট দেন জয়।
সেই পোস্টে পাঠকদের অনুরোধ করেন বিষয়টি সাধারণভাবে গ্রহণ করতে। জয়ের ভাষ্যে, সোশ্যাল মিডিয়ায় অনেক সময় সাধারণ বিষয়কেও অসাধারণভাবে বড় করে দেখানো হয়। তিনি দাবি করেন, পুরো বিষয়টি বিস্তারিত পড়লে বোঝা যাবে যে তার দেওয়া শিরোনামটি আসলে অর্থহীন ছিল। মূলত বিজ্ঞাপনের মডেল নির্বাচনের একটি অভ্যন্তরীণ তথ্য শেয়ার করাই ছিল তার মূল উদ্দেশ্য।
ডিএ