গ্রেপ্তারের পর প্রোফাইল ডিলিট গায়িকার

মদ্যপ অবস্থায় বেপরোয়া গতিতে গাড়ি চালানোর অভিযোগে গ্রেপ্তার হয়েছেন মার্কিন পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স। গত বুধবার (৪ মার্চ) রাতে ক্যালিফোর্নিয়ার ভেনচুরা কাউন্টি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও আইনি প্রক্রিয়া শেষে গত বৃহস্পতিবার ভোরে তাকে মুক্তি দেওয়া হয়।
ক্যালিফোর্নিয়া হাইওয়ে প্যাট্রোল জানায়, বুধবার রাত সাড়ে ৯টার দিকে বেপরোয়া গতিতে একটি কালো বিএমডব্লিউ গাড়ি চালাচ্ছিলেন তিনি। খবর পেলে ওয়েস্টলেক ভিলেজ এলাকায় গাড়িটি থামানো হয়; চালকের আসনে ব্রিটনি স্পিয়ার্সকে পাওয়া যায়।
এ সময় তার আচরণে অস্বাভাবিকতা লক্ষ্য করেন দায়িত্বরত কর্মকর্তারা। এরপর তাকে নিকটস্থ একটি হাসপাতালে নিয়ে পরীক্ষা করা হয়। পরীক্ষায় তার শরীরে মাদক ও অ্যালকোহলের উপস্থিতি পাওয়ায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। তল্লাশিকালে তার গাড়ি থেকে অজ্ঞাত একটি দ্রব্য উদ্ধার করেছে পুলিশ, যা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
এই ঘটনার পর ব্রিটনি স্পিয়ার্সের আইনজীবী ও প্রতিনিধিরা জানিয়েছেন, ব্রিটনি তার ভুল বুঝতে পেরেছেন এবং তিনি আইনি প্রক্রিয়া মেনে চলতে প্রস্তুত। জেলের পরিবর্তে তাকে পুনর্বাসন কেন্দ্রে পাঠানোর জন্য আদালতের কাছে আবেদন করবে তার টিম।
গ্রেপ্তার হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় অর্থবহ একটি পোস্ট করেছিলেন গায়িকা। লিখেছিলেন, ‘ইস, কাজটি আবার করলাম’ (Oops!... I Did It Again)। ভক্তরা ভেবেছিলেন হয়তো শখ করেই নিজের গাওয়া বিখ্যাত গানের একটি লাইন তুলে পোস্ট করেছেন ব্রিটনি। তবে এর সঙ্গে যে দুর্ঘটনার যোগ রয়েছে, প্রথমে কেউই তা আঁচ করতে পারেননি।
এই পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই পপ গায়িকা আরও অদ্ভুত এক কাণ্ড ঘটিয়েছেন; ইনস্টাগ্রাম প্রোফাইলটি ডিলিট করে ফেলেছেন ব্রিটনি। সাধারণত ব্রিটনি তার জীবনের নানা মুহূর্ত বা নাচ, গান এই প্ল্যাটফর্মে শেয়ার করতেন। এখন হঠাৎ অ্যাকাউন্ট ডিলিট হয়ে যাওয়ায় ভক্তদের মধ্যে উদ্বেগ বেড়েছে।
ডিএ