শাহরুখকে চিনতে না পারায় তোপের মুখে অস্ট্রেলিয়ান প্রতিযোগী

বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয় বলিউড বাদশাহ শাহরুখ খানকে চিনতে না পেরে সামাজিক মাধ্যমে চরম সমালোচনার মুখে পড়েছেন এক কুইজ প্রতিযোগী। অস্ট্রেলিয়ার একটি টেলিভিশন কুইজ শোতে শাহরুখ খানের পেশা নিয়ে করা প্রশ্নের ভুল উত্তর দিয়ে নেটিজেনদের তোপের মুখে পড়েন তিনি। অভিনেতা হিসেবে বিশ্বজুড়ে পরিচিত শাহরুখকে ওই ব্যক্তি ‘সফটওয়্যার ডেভেলপার’ হিসেবে চিহ্নিত করায় অবাক হয়েছেন খোদ কিং খান ভক্তরা।
ভাইরাল হওয়া ওই অনুষ্ঠানের স্ক্রিনশটে দেখা যায়, প্রতিযোগীর সামনে প্রশ্ন রাখা হয়েছিল— ‘শাহরুখ খান কোন ক্ষেত্রে তার প্রতিভার জন্য বিখ্যাত?’ উত্তরের জন্য চারটি বিকল্প ছিল- সফটওয়্যার ডেভেলপমেন্ট, ফিল্ম অ্যাক্টিং, মোটর রেসিং এবং প্রফেশনাল পোকার।
সবাইকে চমকে দিয়ে ওই প্রতিযোগী ‘সফটওয়্যার ডেভেলপমেন্ট’ অপশনটি বেছে নেন। এই উত্তরের স্ক্রিনশটটি ছড়িয়ে পড়ার পরপরই নেটদুনিয়ায় হাসাহাসি ও সমালোচনার ঝড় ওঠে।
শাহরুখ ভক্তদের একাংশ দাবি করেছেন, যার সাধারণ জ্ঞান এতটুকু নেই তার কুইজ শোতে অংশ নেওয়াই উচিত হয়নি। তবে ওই প্রতিযোগী পরবর্তীতে সাফাই দিয়ে জানিয়েছেন যে, তিনি তাড়াহুড়ো করতে গিয়ে ভুল বোতামে চাপ দিয়েছেন। তিনি শাহরুখ খানের পরিচয় সম্পর্কে জানতেন বলেও দাবি করেন।
যদিও সামাজিক মাধ্যমে ক্ষুব্ধ অনুরাগী ও নেটিজেনরা তার এই অজুহাত মানতে নারাজ। বর্তমানে ওই প্রতিযোগীকে নিয়ে সামাজিক মাধ্যমে নানা রসিকতা ও ট্রোল অব্যাহত রয়েছে।
ডিএ