সৌন্দর্য দেখতে গিয়ে নিজের জীবন বিপদমুখী করবেন না : খায়রুল বাসার

ছোট পর্দার অভিনেতা খায়রুল বাসার। নিজের অভিনয় দক্ষতা দিয়ে অল্প সময়েই দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। অভিনয়ের ব্যস্ততার মাঝেও সামাজিক বিভিন্ন ইস্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের মতামত তুলে ধরেন এই তারকা।
এবার তিনি কথা বলেছেন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভাজকে ফুটে থাকা নয়নাভিরাম ফুলের সৌন্দর্য এবং তা দেখতে যাওয়া দর্শনার্থীদের ঝুঁকি নিয়ে। গাজীপুরের ভাওয়াল গড় হিসেবে পরিচিত শাল-গজারি বনের বুক চিরে চলে গেছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক।
বর্তমানে এই সড়কের বিভাজকে ফুটে থাকা হরেক রকম ফুল পথচারী ও চালকদের নজর কাড়ছে। তবে এই সৌন্দর্য উপভোগ করতে গিয়ে মহাসড়কের ব্যস্ততম অংশে ভিড় জমাচ্ছেন উৎসুক দর্শনার্থীরা, যা তৈরি করছে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি।
বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন খায়রুল বাসার। ভক্ত ও সাধারণ মানুষের সচেতনতা কামনায় তিনি লিখেন, ‘এই সৌন্দর্য দেখতে গিয়ে ভিড় জমিয়ে, মহাব্যস্ত রাস্তাটাকে বিপদজনক এবং নিজের জীবনটা বিপদমুখী করবেন না প্লিজ।’
শুধুমাত্র সতর্ক করেই ক্ষান্ত হননি এই অভিনেতা, দিয়েছেন একটি চমৎকার বিকল্প পরামর্শও। তিনি মনে করেন, যান্ত্রিক মহাসড়কে জীবনের ঝুঁকি নিয়ে ফুল দেখার চেয়ে নিজের আঙিনাকে সাজানোই শ্রেয়।
খায়রুল বাসার তার পোস্টে আরও বলেন, ‘বাইকের তেল খরচ বাঁচিয়ে বা যাতায়াত খরচ বাঁচিয়ে, সেই খরচে নিজ নিজ উদ্যোগে অন্তত দুইটা ফুল গাছ নিজের বাড়ির উঠানে বা পথ ঘাটে রোপন করুন। তাতে করে শুধু একটা পথ না, পুরো দেশই ফুলেল হয়ে উঠতে পারে।’
এমআইকে