পরকীয়া-বিচ্ছেদ বিতর্কে মুখ খুললেন থালাপতি বিজয়

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিক থালাপতি বিজয় তার ব্যক্তিগত জীবন নিয়ে চলমান নানা বিতর্ক ও গুঞ্জনের নীরবতা ভেঙেছেন। স্ত্রী সঙ্গীতা সোরনালিঙ্গমের সঙ্গে বিবাহবিচ্ছেদ এবং অভিনেত্রী তৃষা কৃষ্ণনের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে যখন তুমুল আলোচনা চলছে, তখন ভক্তদের এসব নিয়ে বিচলিত না হওয়ার পরামর্শ দিয়েছেন থালাপতি।
সম্প্রতি নারী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি জানান, তার ব্যক্তিগত জীবন নিয়ে ওঠা বিভিন্ন খবরে ভক্তরা ব্যথিত হওয়ায় তিনি নিজেও দুঃখ প্রকাশ করছেন।
অনুষ্ঠানে থালাপতি বলেন, বর্তমানে তাকে নিয়ে যেসব সমস্যার কথা শোনা যাচ্ছে, সেগুলো নিয়ে সাধারণ মানুষের দুশ্চিন্তা করার প্রয়োজন নেই। ভক্তদের উদ্দেশ্য করে তিনি জানান, এসব নেতিবাচক বিষয় নিয়ে ভেবে সময় নষ্ট না করাই শ্রেয়, কারণ তিনি নিজের খেয়াল রাখতে সক্ষম। তবে তার ব্যক্তিগত জীবনের ঘটনার কারণে অনুরাগীরা কষ্ট পেলে সেটি তাকে ব্যথিত করে।
এদিকে অভিনেতার এই মন্তব্য নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সামাজিক মাধ্যমের একটি অংশ তার এই অবস্থানকে ইতিবাচকভাবে দেখলেও অন্য একটি পক্ষ বিষয়টিকে দায়িত্বজ্ঞানহীন বলে সমালোচনা করছে।
উল্লেখ্য, স্ত্রী সঙ্গীতার সঙ্গে থালাপতির দীর্ঘদিনের বৈবাহিক সম্পর্কের টানাপোড়েন এখন আদালত পর্যন্ত গড়িয়েছে। সঙ্গীতা ইতোমধ্যে প্রতারণার অভিযোগ তুলে বিবাহবিচ্ছেদের মামলা করেছেন এবং শ্বশুরবাড়িতে থাকার অধিকার চেয়ে পুনরায় আদালতের শরণাপন্ন হয়েছেন। গুঞ্জন রয়েছে, বিচ্ছেদের অংশ হিসেবে বিজয় স্ত্রীকে প্রায় ২৫০ কোটি টাকা খোরপোশ দিতে চেয়েছেন।
এসবের মাঝেই অভিনেত্রী তৃষা কৃষ্ণনের সঙ্গে বিজয়ের ঘনিষ্ঠতা নিয়ে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে। সম্প্রতি চেন্নাইয়ে একটি ঘরোয়া অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা যাওয়ায় এই গুঞ্জন আরও জোরালো হয়। বর্তমানে নিজের রাজনৈতিক দল ‘তামিলাগা ভেটরি কাজাগম’ (টিভিকে) নিয়ে ব্যস্ত থাকা এই অভিনেতার ব্যক্তিগত জীবন এখন তামিলনাড়ুসহ পুরো ভারতের বিনোদন জগতের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।
ডিএ