দুর্বিষহ নিশোর সংলাপ— মনে রাইখো আমি বাংলাদেশি মুসলিম

শুরুতে কোনো হলিউড কিংবা বিদেশি সিনেমা মনে হতে পারে। অনেকে তো বিশ্বাসই করতে পারছেন না! মাত্র ৫৫ সেকেন্ডে থাকা দৃশ্য ও প্লট দেখে কার্যত চমকেই গেল দর্শকেরা। বলা হচ্ছে ঈদের আসন্ন সিনেমা দম-এর ফার্স্ট লুক তথা টিজার নিয়ে।
রেদওয়ান রনি পরিচালিত এই সিনেমায় মূখ্য চরিত্রে আছেন আফরান নিশো। এতদিন পোস্টারগুলোতে তাকেই দেখা গেছে। এবারে নিশোর সঙ্গে দেখা মিলেছে ছবির অন্যান্য পরিচিতি মুখ চঞ্চল চৌধুরী, পূজা চেরিকে; যা আরও কৌতূহলী করে তুলেছে দর্শকদের।
রোববার দুপুরে সিনেমাটির ফার্স্ট লুক প্রকাশ পাওয়ার পর থেকেই সামাজিক মাধ্যমে চলচ্চিত্রপ্রেমীদের মাঝে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে। বিশেষ করে আন্তর্জাতিক মানের ভিজ্যুয়াল এবং রহস্যে ঘেরা গল্পের আভাসে মুগ্ধ ভক্তরা। এর মাধ্যমে তারা মনে করছেন এই সিনেমার মাধ্যমে বাংলা সিনেমা অনেক দূর এগিয়ে যাচ্ছে।

টিজারের শুরুতেই জানানো হয়, সিনেমাটি একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত। ভিডিওটিতে বরফে ঢাকা পাহাড়ি পথ, শুষ্ক মরুভূমির রুক্ষতা এবং ঘোড়ায় চড়া সশস্ত্র দলের শ্বাসরুদ্ধকর কিছু দৃশ্য ফুটে উঠেছে।
এছাড়াও বন্দিদশা থেকে শুরু করে উত্তাল পানিতে ঝাঁপ দেওয়া ও ধ্বংসপ্রাপ্ত জনপদের দৃশ্যগুলো গল্পের রহস্যকে আরও ঘনীভূত করেছে। টিজারের শেষাংশে জ্বলন্ত এক লোকালয়ের মধ্য দিয়ে হেঁটে আসতে দেখা যায় আফরান নিশোকে, যেখানে তার কণ্ঠে শোনা যায় একটি শক্তিশালী সংলাপ—আমি শাহজাহান ইসলাম নূর। বাংলাদেশি মুসলমান। মনে রাইখো। দর্শকের অনুমান, সিনেমায় থাকবে আফরান নিশোর এক দুর্বিষহ যাত্রার গল্প।
প্রযোজনা প্রতিষ্ঠান চরকি তাদের ফেসবুক পেজে টিজারটি শেয়ার করে ক্যাপশনে লিখেছে, মনে রাইখো! দম থাকলে ঠেকায় কে? সত্য ঘটনা অবলম্বনে রেদওয়ান রনি’র চলচ্চিত্র ‘দম’ আসছে ঈদুল ফিতরে।
টিজারটি দেখে নেটিজেনদের মন্তব্য ছিল চোখে পড়ার মতো। আন্তর্জাতিক মানের নির্মাণশৈলী দেখে একজন মন্তব্য করেছেন, ইন্টারন্যাশনাল কোয়ালিটি। টিজারের রহস্যময় ও আবেগঘন দৃশ্য দেখে আরেকজন লিখেছেন, চোখে পানি এনে দিলো। আফরান নিশোর অভিনয়ের মুন্সিয়ানা দেখে এক ভক্তের মন্তব্য, অভিনয় দেখাবে নিশো, আবার কেউ পরিচালককে উদ্দেশ্য করে লিখেছেন, কী দেখাইলা বস!।

এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট ও চরকির যৌথ প্রযোজনায় নির্মিত এই সিনেমার বড় অংশের শুটিং হয়েছে কাজাখস্তানে এবং বাকি কাজ সম্পন্ন হয়েছে বাংলাদেশে। চলচ্চিত্রটিতে আফরান নিশো ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, পূজা চেরী এবং ডলি জহুর।
ডিএ