কারিনার অভিযোগের বিষয়ে যা বললেন সাইফ

বলিউডের অন্যতম সফল ও জনপ্রিয় দম্পতি সাইফ আলি খান ও কারিনা কাপুর। দীর্ঘ ১৪ বছরের দাম্পত্য জীবনে একে অপরের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসার বহিঃপ্রকাশ তারা সবসময়ই করে এসেছেন। তবে এবার স্ত্রী কারিনার দীর্ঘদিনের এক অভিযোগের বিপরীতে দাঁড়িয়ে যেন ভিন্ন সুর ধরলেন ‘নবাব’ সাইফ।
দুই দশকের বেশি সময়ের অভিনয় ক্যারিয়ারে কারিনা কাপুর অভিনয় করেছেন শাহরুখ, সালমান ও আমিরের মতো মহাতারকাদের সঙ্গে। তবে তার একটি আফসোস বরাবরই প্রকাশ পেয়েছে পারিশ্রমিকের বৈষম্য। কারিনার দাবি, খানেদের মতো তো নয়ই, এমনকি স্বামী সাইফের সমপরিমাণ পারিশ্রমিকও নাকি তিনি পান না।
সম্প্রতি স্ত্রীর এই দাবির প্রেক্ষিতে মুখ খুলেছেন সাইফ আলি খান। তার মতে, পারিশ্রমিকের বিষয়টি লিঙ্গের ওপর নয়, বরং বক্স অফিসের ওপর নির্ভরশীল। সাইফ বলেন, ‘বলিউডে লিঙ্গের ভিত্তিতে পারিশ্রমিক বিচার করা হয় না। তারাই বেশি পারিশ্রমিক পান, যারা বক্স অফিসের ব্যবসা এনে দিতে পারেন ও প্রেক্ষাগৃহে দর্শক টানতে সক্ষম হন। সোজা কথায়, যিনি দর্শককে প্রেক্ষাগৃহে আটকে রাখতে পারবেন, তিনি তেমন পারিশ্রমিক পাবেন। অঙ্কটা আসলে খুবই সহজ।’
সাইফ আরও পরিষ্কার করে জানান, নারী-পুরুষের বিচারে পারিশ্রমিকের কম-বেশি হওয়া উচিত নয়। তিনি একে একটি ‘ভারসাম্যপূর্ণ অর্থনৈতিক ব্যবস্থা’ হিসেবে দেখছেন। সাইফ বলেন, ‘সবাই স্পষ্ট বুঝতে পারেন কোন সুপারস্টারের কারণে প্রেক্ষাগৃহ ভরছে। প্রযোজকরা তাদের বাজারমূল্য জানেন। তার ভিত্তিতেই মূল্য নির্ধারণ করা হয় এবং তারা বেতন পান।’
সাইফের এমন মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে জোর চর্চা। নেটিজেনদের অনেকেই বলছেন, বাস্তববাদী সাইফ নিজের স্ত্রীর প্রতি অন্ধ সমর্থন না দেখিয়ে পেশাদার দৃষ্টিভঙ্গি থেকেই সত্যটা তুলে ধরেছেন। তবে এই বিষয়ে কারিনা কাপুরের পক্ষ থেকে এখনো নতুন কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এমআইকে