আসছে ‘ওয়েলকাম ফোর’, বড় চমকের আভাস দিলেন প্রযোজক

জনপ্রিয় বলিউড ফ্র্যাঞ্চাইজি ‘ওয়েলকাম’-এর চতুর্থ কিস্তির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালা। অক্ষয় কুমার অভিনীত এই কমেডি ঘরানার সিনেমার নতুন পর্বে নানান চমক থাকবে বলে জানা গেছে। বর্তমানে সিনেমাটির চিত্রনাট্য গুছিয়ে আনার কাজ চলছে এবং শিগগিরই কাস্টিং চূড়ান্ত করা হবে।
ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ফিরোজ নাদিয়াদওয়ালা জানান, ‘ওয়েলকাম ফোর’ সিনেমাটিকে বড় পরিসরে নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। এতে উদয় ভাই, মজনু ভাই ও ডক্টর ঘুঙরুর মতো কালজয়ী চরিত্রগুলোর পাশাপাশি বেশ কয়েকজন খলনায়ককে দেখা যাবে।
সিনেমার গান ও অ্যাকশন দৃশ্যে আন্তর্জাতিক আবহ বজায় রাখতে মধ্যপ্রাচ্য, আফ্রিকা, যুক্তরাষ্ট্র ও চীনসহ বিভিন্ন দেশের সংগীতশিল্পীদের যুক্ত করার প্রক্রিয়া চলছে। প্রযোজকের মতে, এই সিনেমার ব্যাপ্তি দর্শকদের জন্য এক বিশাল চমক হতে যাচ্ছে।
এদিকে ফ্র্যাঞ্চাইজিটির তৃতীয় কিস্তি ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ এর মুক্তি পিছিয়ে যাওয়া নিয়ে তৈরি হওয়া গুঞ্জন নাকচ করে দিয়েছেন নাদিয়াদওয়ালা। জানিয়েছেন, সিনেমাটির শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে এবং এটি এখন মুক্তির জন্য প্রস্তুত। বিশাল বাজেটের এই সিনেমায় শত শত ঘোড়া, সামরিক হেলিকপ্টার এবং দুবাইয়ে একটি গানের শুটিংয়ে প্রায় ৫৭০ কোটি টাকা মূল্যের বিলাসবহুল গাড়ি ব্যবহার করা হয়েছে। অক্ষয় কুমারের পাশাপাশি এই কিস্তিতে আরশাদ ওয়ারসি, সুনীল শেঠি ও পরেশ রাওয়ালের মতো তারকারা অভিনয় করছেন।
২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘ওয়েলকাম’ সিনেমার ব্যবসায়িক সাফল্যের পর ২০১৫ সালে এর দ্বিতীয় কিস্তি ‘ওয়েলকাম ব্যাক’ মুক্তি পায়। আনিস বাজমি পরিচালিত প্রথম দুটি পর্ব দর্শকদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা পায়।
ডিএ