সাদিয়ার লাভ সিটার-এও রয়েছে বিড়াল!

একটি বিড়াল আর দুজন একাকী মানুষের মায়ার গল্প নিয়ে নির্মিত হয়েছে নতুন ওয়েব ফিল্ম ‘লাভ সিটার’। নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী ও মুশফিকা মাসুদের যৌথ পরিচালনায় এই ফিল্মে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন জিয়াউল হক পলাশ ও সাদিয়া আয়মান। গল্পের একটি বড় অংশজুড়ে রয়েছে একটি বিড়াল, যার নাম ‘হিপনোসিস’।
বিজ্ঞাপন
চলতি মাসের শুরুতে মুক্তি পাওয়া সাদিয়া আয়মান অভিনীত ওয়েব ফিল্ম ‘মিউ’-তেও একটি বিড়ালকে কেন্দ্র করে গল্প আবর্তিত হয়েছিল। আবারও বিড়াল কেন্দ্রিক গল্পে অভিনয় সাদিয়ার। এ প্রসঙ্গে অভিনেত্রী জানান, দুটি কাজই আলাদা। তার মতে, ‘মিউ’ ছিল মনস্তাত্ত্বিক গল্পের ছবি, অন্যদিকে ‘লাভ সিটার’ মূলত একটি নিটোল প্রেমের গল্প। বড় শহরের ব্যস্ততা আর নিঃসঙ্গতার মাঝে আবির, হৃদি ও ছোট বিড়াল হিপনোসিসের মধ্যকার মানবিক সম্পর্কই এখানে ফুটিয়ে তোলা হয়েছে।
ফিল্মটির চিত্রনাট্য লিখেছেন অমিতাভ রেজা ও মুশফিকা মাসুদ দম্পতি। কাজটির মূল ভাবনা প্রসঙ্গে মুশফিকা মাসুদ বলেন, শহরে অসংখ্য প্রাণী আশ্রয়ের অভাবে ঘুরে বেড়ায়। মানুষের জীবনে পোষা প্রাণী হয়তো একটি ছোট্ট অংশ, কিন্তু সেই প্রাণীর কাছে তার আশ্রয়দাতা মানুষটিই পুরো পৃথিবী। এই মানবিক ভাবনা থেকেই আমরা লাভ সিটারের গল্পটি বলতে চেয়েছি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
অমিতাভ রেজা চৌধুরী মনে করেন, এটি কে একটি সম্পর্কের গল্প নয়, বরং সহমর্মিতার এক ক্ষুদ্র প্রয়াস। তিনি জানান, সব প্রাণীকে হয়তো আশ্রয় দেওয়া সম্ভব হয় না, কিন্তু একটু মায়া ও যত্ন তাদের পৃথিবী বদলে দিতে পারে।
বিড়ালটিকে ঘিরে দুই মানুষের মায়া, দায়িত্ব এবং অসম্পূর্ণ ভালোবাসার এই বিশেষ ওয়েব ফিল্মটি আগামী ঈদের তৃতীয় দিন ওটিটি প্ল্যাটফর্ম ‘বঙ্গ’-তে মুক্তি পাবে।
ডিএ