পথিককে রাস্তা চেনাচ্ছেন অরিজিৎ সিং

দুই দশকের সফল ক্যারিয়ারের মধ্যগগনে দাঁড়িয়ে সম্প্রতি প্লে-ব্যাক থেকে বিদায় নেওয়ার কথা জানিয়েছেন বলিউডের সুরের জাদুকর অরিজিৎ সিং। বিশ্বজুড়ে তার অগণিত ভক্ত। মার্টিন গ্যারিক্স থেকে এড শিরান আন্তর্জাতিক সংগীত দুনিয়ার রথী-মহারথীরা তার সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে থাকেন।
বিজ্ঞাপন
সেই ‘গ্লোবাল আইকন’ অরিজিৎ সিং যখন নিজ জন্মস্থান মুর্শিদাবাদের জিয়াগঞ্জের অলিগলিতে ঘোরেন, তখন তাকে নিয়ে নেটিজেনরা বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও আবারও প্রমাণ করল কেন তিনি অনন্য। ভাইরাল সেই ভিডিওতে দেখা যায়, সাধারণ মানুষের মতোই সাদামাটা পোশাকে রাস্তায় দাঁড়িয়ে আছেন অরিজিৎ।
বিজ্ঞাপন
সেখানে পথ হারিয়ে ফেলা এক নারীকে অত্যন্ত ধৈর্য নিয়ে গন্তব্যের দিশা দেখাচ্ছেন তিনি। কোনো প্রকার সেলিব্রিটিসুলভ আচরণ ছাড়াই তাকে বুঝিয়ে দিচ্ছেন, কোন গলি দিয়ে কীভাবে লক্ষ্যে পৌঁছাতে হবে।
জিয়াগঞ্জের বাসিন্দাদের কাছে অবশ্য এই দৃশ্য নতুন কিছু নয়। মুম্বাইয়ের চাকচিক্য ফেলে তিনি প্রায়ই নিজের শহরে স্কুটি নিয়ে ঘুরে বেড়ান, আড্ডা দেন শৈশবের বন্ধুদের সঙ্গে। স্থানীয়দের মতে, ‘এটাই তো সেই চেনা অরিজিৎ। যার আচরণ দেখলে বোঝাই যায় না যে তিনিও সেলেব। পরিবর্তে যেন একেবারেই ঘরের ছেলের মতো হাবভাব।’
এমআইকে