পাকিস্তানের করাচিতে কনসার্ট চলাকালীন ভয়াবহ বোমা হামলার মুখে পড়ার রোমহর্ষক স্মৃতি দীর্ঘ দুই দশক পর সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী সনু নিগম। ২০০৪ সালে ঘটা সেই ঘটনার একটি ভিডিও সম্প্রতি জনৈক পাকিস্তানি ভক্ত প্রকাশ করলে সেটি রি-শেয়ার করে সনু জানান, সেদিন মৃত্যুর মুখ থেকে তাকে পাকিস্তানিরাই বাঁচিয়েছিলেন।
বিজ্ঞাপন
দুই দেশের রাজনৈতিক অস্থিরতার মধ্যেও ২০০৪ সালের ১০ মার্চ করাচিতে একটি কনসার্টে অংশ নিয়েছিলেন সনু নিগম। অনুষ্ঠানস্থলে প্রিয় শিল্পীর গান শোনার জন্য হাজারো ভক্তের সমাগম হয়েছিল। অনুষ্ঠান চলাকালীন হঠাৎ অনুষ্ঠানস্থলের অদূরে একটি শক্তিশালী বোমা বিস্ফোরণ ঘটে, যাতে বেশ কয়েকজনের প্রাণহানি হয়।
আকস্মিক এই হামলায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও দর্শকদের অদম্য উৎসাহ দেখে সনু মঞ্চ ছাড়েননি। উপস্থিত দর্শকদের আশ্বস্ত করে তিনি একের পর এক গেয়ে শোনান ‘কাল হো না হো’, ‘ম্যায় হুঁ না’ ও ‘বীর জারা’র মতো জনপ্রিয় সব গান।
বিজ্ঞাপন
স্মৃতিচারণ করতে গিয়ে সনু জানান, বিস্ফোরণের পর তিনি কিছুটা উদ্বিগ্ন হয়ে পড়লেও দর্শকদের সঙ্গে কথা বলে আত্মবিশ্বাস ফিরে পান। মঞ্চে দাঁড়িয়ে তিনি দর্শকদের জিজ্ঞেস করেছিলেন, তারা অনুষ্ঠানটি চালিয়ে নিতে চান কি না। উপস্থিত শ্রোতারা সমস্বরে ইতিবাচক সাড়া দিলে উত্তাল পরিস্থিতির মধ্যেও স্বাভাবিকভাবে সম্পন্ন হয় সেই কনসার্ট। সেই ঘটনার পর থেকে প্রতি বছর ১০ এপ্রিল আয়োজকদের বার্তা পাঠান সনু। যেখানে তিনি উল্লেখ করেন, সেদিন সন্ত্রাসবাদী হামলা হলেও সাধারণ পাকিস্তানিরাই তাকে নিরাপদ রাখতে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন।
উল্লেখ্য, বর্তমানে ভারত ও পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক এবং সাংস্কৃতিক বিনিময় প্রায় স্থবির হয়ে পড়লেও সনু নিগমের এই পুরনো ভিডিও এবং দুই দেশের সংগীতানুরাগীদের মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সেই সফরে সনুর গাওয়া গানগুলো আজও দুই দেশের মানুষের কাছে সমান জনপ্রিয়।
ডিএ
