নব্বই দশকে বেড়ে ওঠা প্রজন্ম বা ‘মিলিনিয়াল’দের শৈশব-কৈশোরের এক অবিচ্ছেদ্য অংশ হ্যারি পটার। পর্দার ড্যানিয়েল র্যাডক্লিফ, এমা ওয়াটসন আর রুপার্ট গ্রিন্টদের দেখে বড় হওয়া সেই দর্শকরা এখন ক্ষুব্ধ। ২০২৬ সালের বড়দিনে মুক্তির অপেক্ষায় থাকা হ্যারি পটারের নতুন সিরিজের ট্রেলার প্রকাশের পর থেকেই শুরু হয়েছে তুমুল বিতর্ক ও আলোচনা। মূলত জেনারেশন জেড (জেন-জি) বা নতুন প্রজন্মের দর্শকদের লক্ষ্য করে নির্মিত এই সিরিজটি পুরনো ভক্তদের মনে ধাক্কাই দিয়েছে।
বিজ্ঞাপন
মিলিনিয়ালদের ট্রলের মূল কারণ হিসেবে উঠে এসেছে সিরিজের দৃশ্যায়ন ও আমেজ। তাদের মতে, আগের সিনেমাগুলোতে যে ‘ম্যাজিক্যাল ভাইব’ বা জাদুকরী আভা ছিল, নতুন ট্রেলারে তা স্পষ্ট। রেডিটসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ভক্তরা বলছেন, নতুন হ্যারি পটারের কালার গ্রেডিং বা দৃশ্যগুলো অনেক বেশি রুক্ষ ও ফ্যাকাশ, যা হ্যারি পটারের চিরাচরিত জাদুকরী জগতের সঙ্গে মানানসই নয়।
অনেকে বলছেন, এটি হ্যারি পটার নয় বরং কোনো সাধারণ ঘরানার ক্রাইম বা থ্রিলার সিরিজের মতো মনে হচ্ছে। এমনকি ডার্সলিদের সেই সিঁড়ির নিচের ঘর থেকে শুরু করে হগওয়ার্টস এক্সপ্রেস, সবই যেন প্রাণহীন বলে দাবি করছেন পুরনো ভক্তরা।
বিজ্ঞাপন
নতুন এই সিরিজের মূল চরিত্রে অভিনয় করছেন ডমিনিক ম্যাকলাফলিন (হ্যারি), অ্যারাবেলা স্ট্যান্টন (হারমায়োনি) এবং অ্যালাস্টেয়ার স্টাউট (রন)। প্রায় ৩০ হাজার আবেদনকারীর মধ্য থেকে তাদের নির্বাচিত করা হলেও মিলিনিয়ালরা এই কাস্টিংকে খুব একটা সহজভাবে নিচ্ছেন না। এ ছাড়াও অ্যালান রিকম্যানের অমর করে রাখা ‘সেভেরাস স্নেইপ’ চরিত্রে এবার অভিনয় করছেন কৃষ্ণাঙ্গ অভিনেতা পাপা এসিডু। এই কাস্টিং মেনে নিতে না পেরে কট্টরপন্থী অনেক ভক্ত তাকে সরাসরি বর্ণবাদী গালিগালাজসহ প্রাণনাশের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। সব মিলিয়ে এই ‘আইকনিক’ চরিত্রগুলোকে নতুন করে উপস্থাপন করাকে অনেকে ‘অপ্রয়োজনীয়’ এবং ‘সৃজনশীলতার অভাব’ হিসেবে অভিহিত করেছেন।
এদিকে সিরিজটিকে ঘিরে বড় ধরনের বিতর্কও দানা বেঁধেছে। হ্যারি পটারের স্রষ্টা জে.কে. রাওলিংয়ের ট্রান্সজেন্ডার বিরোধী বিভিন্ন মন্তব্যের জেরে নেটদুনিয়ায় সিরিজটি বয়কটের ডাক উঠেছে। সব মিলিয়ে এক সময়ের সবচেয়ে প্রিয় ফ্যান্টাসি সিরিজটি এখন প্রজন্মগত দ্বন্দ্ব আর বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এখন দেখার বিষয়, ২০২৬ সালে মুক্তির পর নতুন হ্যারি পটার জেন জি'দের মন জয় করতে পারলেও মিলিনিয়ালদের এই অভিমান ভাঙাতে পারে কি না।
ডিএ
