জনপ্রিয় পঞ্জাবি গায়িকা সুনন্দা শর্মার লাইভ কনসার্টে ঘটে গেল এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। মঞ্চে গান গাওয়া অবস্থায় হঠাৎ এক যুবক উঠে এসে গায়িকার পা জড়িয়ে ধরলে চরম আতঙ্কিত হয়ে পড়েন তিনি। ভয় পেয়ে তাৎক্ষণিক গান থামিয়ে চিৎকার করে মঞ্চ ছেড়ে চলে যান গায়িকা। পুলিশ ও নিরাপত্তারক্ষীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও সেই রাতে আর মঞ্চে ফেরেননি ‘জাট ইয়ামলা’ খ্যাত এই তারকা।
বিজ্ঞাপন
ভারতের উত্তরপ্রদেশের গাজিয়াবাদে একটি আইটি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের বার্ষিক অনুষ্ঠানে গান গাইতে এসেছিলেন সুনন্দা। ‘জানি তেরা না’ কিংবা ‘পাগল নহি হোনা’র মতো জনপ্রিয় গানের মাধ্যমে শ্রোতাদের মনে জায়গা করে নেওয়া এই গায়িকাকে সামনে দেখতে পেয়ে উল্লাসে মেতেছিলেন শিক্ষার্থীরা। সাদা টি-শার্ট ও জিনসের সাদামাঠা সাজে মঞ্চে উঠে শুরুটাও বেশ চমৎকার করেছিলেন তিনি।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, অনুষ্ঠান চলাকালীন হঠাৎ করেই এক যুবক নিরাপত্তার চোখ ফাঁকি দিয়ে দৌড়ে মঞ্চে উঠে আসেন। সরাসরি গায়িকার পা জড়িয়ে ধরেন তিনি। এমন অতর্কিত ঘটনায় হকচকিয়ে যান সুনন্দা। ভয় পেয়ে চিৎকার করে গান গাওয়া বন্ধ করে দেন এবং দ্রুত মঞ্চের পেছনে চলে যান। ওই যুবক অবশ্য তখনও মঞ্চে দাঁড়িয়ে ছিলেন প্রিয় গায়িকার সঙ্গে একটি সেলফি তোলার আশায়।
বিজ্ঞাপন
ঘটনার কিছুক্ষণের মধ্যেই পুলিশ ও নিরাপত্তাকর্মীরা ওই যুবককে মঞ্চ থেকে সরিয়ে নিয়ে যায়। পরিস্থিতি শান্ত হলে দর্শকরা আশা করেছিলেন সুনন্দা আবারও ফিরে আসবেন। কিন্তু প্রচণ্ড আতঙ্কিত হয়ে পড়ায় তিনি আর পারফর্ম করেননি। পরে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, অভিযুক্ত যুবক আসলে সুনন্দার এক অন্ধ ভক্ত। সামনে থেকে গায়িকাকে দেখে আবেগতাড়িত হয়ে কেবল একটি ছবি তোলার জন্য তিনি এমন কাণ্ড ঘটিয়েছেন।
অবশেষে পুরো বিষয়টি নিয়ে মুখ খুলেছেন সুনন্দা শর্মা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানান, কোনো রকম আগাম সতর্কতা ছাড়া হঠাৎ কেউ মঞ্চে উঠে আসায় তিনি ঘাবড়ে গিয়েছিলেন। মানসিকভাবে প্রস্তুত না থাকায় তাৎক্ষণিক ভয় পেয়ে যান তিনি।
এমআইকে
