কলকাতার বাংলা চলচ্চিত্রের বর্তমান অবস্থা এবং দর্শকদের রুচিবোধ নিয়ে তীব্র হতাশা প্রকাশ করেছেন অভিনেত্রী ও নির্মাতা অপর্ণা সেন। সম্প্রতি একটি পডকাস্টে যোগ দিয়ে তিনি জানান, সিনেমা নির্মাণের আগ্রহ হারিয়ে ফেলেছেন এবং চলচ্চিত্র জগৎ থেকে অবসরের পরিকল্পনা করছেন।
বিজ্ঞাপন
টলিউড বা কলকাতার ফিল্ম ইন্ডাস্ট্রির সমসাময়িক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে গিয়ে অপর্ণা সেন বলেন, বাংলা সিনেমা এখন এক কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। তার মতে, দর্শকরা এখন টেলিভিশনের মেগা সিরিয়ালে বেশি আসক্ত হয়ে পড়েছেন, যা তাদের রুচি নষ্ট করছে। এমন পরিস্থিতিতে বড় পর্দার জন্য মানসম্মত সিনেমা নির্মাণের কোনো সার্থকতা খুঁজে পাচ্ছেন না তিনি।
চলচ্চিত্রের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করে এই প্রবীণ নির্মাতা বলেন, একটি মৃতপ্রায় শিল্পকে নিয়ে সবাই যা করছে, তা চলতে থাকলে বাংলা সিনেমার টিকে থাকা কঠিন হবে। টেলিভিশন হয়তো কর্মসংস্থান তৈরি করছে, কিন্তু এটি বিশ্বের সেরা কিছু নয়।
দর্শকদের বিমুখতা নিয়ে প্রশ্ন তুলে তিনি আরও বলেন, আমি কার জন্য ছবি বানাব? আমার দর্শক কোথায়? সবাই তো এখন টিভিতে মজে আছে।
বিজ্ঞাপন
সত্যজিৎ রায় ও মৃণাল সেনের মতো প্রখ্যাত নির্মাতাদের হাত ধরে ষাটের দশকে চলচ্চিত্রে অভিষেক হওয়া অপর্ণা সেন গত ছয় দশক ধরে অভিনেত্রী ও পরিচালক হিসেবে অসংখ্য কালজয়ী কাজ উপহার দিয়েছেন। ১৯৮১ সালে ‘৩৬ চৌরঙ্গী লেন’ দিয়ে পরিচালনার যাত্রা শুরু করে প্রথম ছবিতেই তিনি ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। তার নির্মিত ‘পরমা’, ‘মিস্টার অ্যান্ড মিসেস আইয়ার’ এবং ‘দ্য জাপানিজ ওয়াইফ’-এর মতো সিনেমাগুলো আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হয়েছে।
উল্লেখ্য, অপর্ণা সেনের আগে অভিনেতা পরমব্রত চ্যাটার্জিসহ কলকাতার আরও কয়েকজন বিশিষ্ট চলচ্চিত্রকর্মী টালিগঞ্জের সিনেমার বর্তমান সংকট এবং দর্শকদের প্রেক্ষাগৃহবিমুখতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন। এবার এই গুণী নির্মাতার অবসরের ঘোষণা বাংলা সিনেমাপ্রেমীদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
ডিএ
